১২ ঘণ্টা পর যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলা বন্দরের দিগরাজ এলাকায় সড়কের ভাঙা অংশে গত সোমবার দিবাগত রাত একটার দিকে পণ্যবোঝাই তিনটি ট্রাক উল্টে যায়। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে দুর্ঘটনাস্থল থেকে ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।
ওই ১২ ঘণ্টা মোংলা-খুলনা মহাসড়কের দুই দিকে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে বন্দরের আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক, লরি, বাসসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, রাস্তার ওপরে উল্টে যাওয়া ট্রাকের একটিতে হিমায়িত চিংড়ি ও একটিতে পাট রয়েছে। দুর্ঘটনায় হিমায়িত চিংড়ির চালানটির বেশি ক্ষতি হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, গতকাল সকাল থেকে থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন মহাসড়কের ওপর উল্টে থাকা ট্রাক তিনটি উদ্ধারে কাজ শুরু করেন। বেলা একটার দিকে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী দুটি রেকার দিয়ে ট্রাক তিনটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর খুলনাসহ বিভিন্ন স্থান থেকে আসা যানগুলো মোংলা বন্দরের দিকে ঢুকতে থাকে। পরে যানজট কিছুটা কমলে আটকে থাকা যানবাহন মোংলা থেকে খুলনা-ঢাকাসহ বিভিন্ন স্থানের উদ্দেশে যাত্রা শুরু করে।
এদিকে ঘটনার প্রায় ১১ ঘণ্টা পর উদ্ধারকারী যান ও লোকবল ছাড়াই ঘটনাস্থলে আসেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বাগেরহাটের সহকারী প্রকৌশলী এস এম আসাদুজ্জামান। এ সময় তিনি স্থানীয় লোকজনের তোপের মুখে পড়েন। তিনি বলেন, মোংলা-খুলনা মহাসড়কের মোংলা অংশের প্রায় ছয় কিলোমিটার রাস্তা খুব খারাপ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে এই কাজের দরপত্র হয়ে গেছে। খুব দ্রুতই ঠিকাদার নিয়োগ করে নতুনভাবে সড়কটি মেরামত করা হবে।