বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ ভেঙে পড়ায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাঙামাটি শহর এবং আশপাশের এলাকা ছিল বিদ্যুৎবিহীন। এদিকে শহরবাসী বলছেন, রাঙামাটি শহরে বিদ্যুতের আসা-যাওয়া এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বিদ্যুৎ উপকেন্দ্র থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি গাছ ভেঙে পড়ায় বুধবার রাত সাড়ে আটটা থেকে গতকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত রাঙামাটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী চিংহামং মারমা বলেন, রাঙামাটির বিদ্যুৎ সরবরাহ হয় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বিদ্যুৎ উপকেন্দ্র থেকে। ঝোড়ো হাওয়ায় বুধবার রাত সাড়ে আটটার দিকে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বৈদ্যপাড়া এলাকায় একটি গাছ ভেঙে মূল বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে। সেটি খুব সাধারণ ত্রুটি হলেও খুঁজে পেতে প্রায় সারা রাত লেগে যায়। কারণ, ওই সড়কে একটি বেইলি সেতু ধসে পড়ায় গাড়ি নিয়ে ত্রুটি খোঁজা সম্ভব ছিল না। তিনি বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশের গাছ কাটতে চাইলে মালিকের বাধার মুখে পড়তে হয়।
তবে কয়েকজন বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ সঞ্চালন লাইনের ত্রুটি খুঁজে বের করা তেমন কোনো কঠিন কাজ হওয়ার কথা নয়। তাঁদের অভিযোগ, শহরে ঘন ঘন লোডশেডিং হয়। রাঙামাটিতে বিদ্যুতের চাহিদা মাত্র ১১ থেকে ১২ মেগাওয়াট। এত কম চাহিদার পরও শহরে প্রতিনিয়ত বিদ্যুতের আসা-যাওয়া দুঃখজনক।
রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুরের বাসিন্দা প্রতুল দেওয়ান বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাধারণ ত্রুটি সারাতে ১২ ঘণ্টা সময় লাগা দুঃখজনক।
তবলছড়ি এলাকার ওমদামিয়া হিলের বাসিন্দা মো. আবদুল মোতালেব বলেন, রাঙামাটিবাসী বিদ্যুতের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, উদ্বাস্তু হয়েছে। অথচ মাত্র ১২ মেগাওয়াট বিদ্যুৎও কর্তৃপক্ষ ঠিকমতো সরবরাহ করতে পারে না।
রাঙামাটি শহরের ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার বিষয়টি অস্বীকার করেননি নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার। তাঁর ভাষ্যমতে, বর্তমান বিদ্যুৎ সঞ্চালন লাইন অনেক পুরোনো। সেগুলো টানা হয়েছিল যখন রাঙামাটি শহরে বিদ্যুতের চাহিদা ছিল চার থেকে পাঁচ মেগাওয়াট। আর এখন চাহিদা সাড়ে ১১ মেগাওয়াটের বেশি। কিন্তু পুরোনো এ সঞ্চালন লাইন দিয়ে ১০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।
নির্বাহী প্রকৌশলী বলেন, চন্দ্রঘোনা বিদ্যুৎ উপকেন্দ্র থেকে রাঙামাটি শহরের দূরত্ব ৩৬ কিলোমিটার এবং চট্টগ্রামের হাটহাজারী উপকেন্দ্র থেকে ৬৫ কিলোমিটার। এ দুটি লাইনের কোনোটি দিয়ে পুরো চাহিদার বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয় না। সে কারণে শহরের বিভিন্ন স্থানে পালা করে সর্বোচ্চ ৫০ মিনিট থেকে এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তিনি বলেন, মূল সরবরাহ লাইনে নতুন তার স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন মহলে লেখালেখি চলছে।