১২ ঘণ্টার রিমান্ড!
চট্টগ্রামে মোটরসাইকেল চুরির মামলায় দুই আসামির ১২ ঘণ্টার রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গত বুধবার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। চট্টগ্রামের আদালতে এটিই এ পর্যন্ত সবচেয়ে কম সময়ের জন্য রিমান্ড মঞ্জুরের আদেশ। এর আগে সর্বনিম্ন একদিন (২৪ ঘণ্টা) রিমান্ড মঞ্জুর হয়েছে।আদালত সূত্র জানায়, ১২ ঘণ্টার রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন আবদুর শুক্কুর ওরফে রবিন (২৮) ও সাইফুল ওরফে তাবা। পুলিশ মঙ্গলবার শহরতলির অক্সিজেন মোড়ের তল্লাশি চৌকি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।সূত্র জানায়, আদালত আদেশে বলেন, ‘এজাহার, রিমান্ড আবেদন ও কেস ডকেট (সিডি) গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। আবেদনের সংশ্লিষ্ট বিধানসমূহ পড়া হয়েছে। অনুসন্ধান ও মোটরসাইকেল উদ্ধারের স্বার্থে রিমান্ড আবেদন মৌখিক মনে হয়েছে। অতএব, ১২ ঘণ্টার (অর্ধ দিন) জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করা হলো।’চট্টগ্রামের কয়েকজন আইনজীবী জানান, পুলিশ সতর্কতার সঙ্গে আসামিদের ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বের করতে পারবে।পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি রাতে বায়েজিদ থানাধীন জালালাবাদ শীতল ঝরনা আবাসিক এলাকা থেকে মো. সাইফুদ্দিনের একটি মোটরসাইকেল চুরি হয়। তিনি এ ব্যাপারে ১৬ জানুয়ারি মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, মোটরসাইকেল চুরি যাওয়ার আগে তিনি বাড়ির ফটকের সামনে একটি মোটরসাইকেলে শুক্কুর ও সাইফুলকে ঘুরতে দেখেছেন।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘ওই দুজন পেশাদার মোটরসাইকেল চোর। মাস তিনেক আগে তাঁরা জামিনে কারাগার থেকে মুক্তি পান। হাটহাজারীর এক ব্যক্তি তাঁদের দলনেতা বলে আমরা নিশ্চিত হয়েছি। নগর ও শহরতলিতে সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরি বেড়েছে।’