১২ ঘণ্টায় ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া, জামালপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর ও মাগুরায় আজ শনিবার ও গতকাল শুক্রবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ায় দুজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। জামালপুরে দুজন এবং কিশোরগঞ্জ, ফরিদপুর ও মাগুরায় একজন করে নিহত হয়েছে। কুষ্টিয়া ও ফরিদপুরে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রী ও পুলিশের ধারণা। আর জামালপুরে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে চাপা দিয়েছে একটি মাইক্রোবাস।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৮ জন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজন হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার উমানন্দ গ্রামের উমেদ আলী (৫৫) ও চিলমারী উপজেলার বালাবাড়ি গ্রামের আবদুল মজিদ (৭০)। তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে চৌড়হাস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার বলেন, বাসটি কুড়িগ্রাম থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। সাতমাইল এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে।

জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় সকাল আটটার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মাইক্রোবাস রাস্তার এক পাশে দাঁড়ানো দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। বাসটি পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসচাপায় নিহত দুজনের নাম জহুরুল ইসলাম ও মুহাম্মদ মোস্তফা। আহত ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মোহাব্বত কবির দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে সুলতানা খাতুন (৫২) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা একই এলাকার মৃত ইউসুফ খন্দকারের স্ত্রী।
কিশোরগঞ্জ মডেল থানার এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন সুলতানা। পথে গাইটাল এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ওই অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুলতানা। আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা সুলতানাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা এলাকায় কুয়াকাটা থেকে কুষ্টিয়াগামী পিকনিকের একটি বাস খাদে পড়ে একজন নিহত ও ২৭ জন আহত হয়েছে।

গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নূরু মিয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিজুর রহমান (৪৫)। তিনি বাসের যাত্রী ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে দুজন বাসযাত্রী অভিযোগ করেন, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই শামীম আক্তার বলেন, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা তাঁর কাছে অভিযোগ করেছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে সড়কে তোলা হয়। বাসের চালক পালিয়ে গেছেন।

মাগুরা সদর উপজেলার কুছুন্দি বাজারের কাছে হুলিনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আবদুর রউফ প্রথম আলোকে বলেন, আবদুল হান্নান (৫০) ও আবদুস সালাম (৫২) নামে দুই ব্যবসায়ী রাজবাড়ী জেলার নাড়ুয়া বাজার থেকে রসুন কিনে ট্রাকের ছাদে চড়ে যশোরের নওয়াপাড়ায় ফিরছিলেন। ট্রাকটি রাত বারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কুছুন্দি বাজারের কাছে হুলিনগর এলাকায় পেছন থেকে অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ওই দুই ব্যবসায়ী ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুজনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আবদুল হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য ব্যবসায়ীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠানো হয়।

এসআই বলেন, ওই দুই ব্যবসায়ীর বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। তাঁরা দুজনই পেঁয়াজ, রসুন, সবজিসহ বিভিন্ন কাঁচামালের পাইকারি ব্যবসা করেন। ওই ঘটনায় মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।