১২ ঘন্টাও বিদ্যুৎ মেলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা নাগরিক কমিটির ১০ দফা বাস্তবায়ন এবং জেলায় ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দিতে গেলে পুলিশ বাধা দেয় l প্রথম আলো
সাতক্ষীরা নাগরিক কমিটির ১০ দফা বাস্তবায়ন এবং জেলায় ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দিতে গেলে পুলিশ বাধা দেয় l প্রথম আলো

খুলনা, বরিশাল, সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলে ২০ দিন ধরে অতিমাত্রার তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এর সঙ্গে যোগ হয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। এতে পরিস্থিতি আরও অসহনীয় করে তুলেছে।

অধিকাংশ এলাকায় ২৪ ঘণ্টার বিদ্যুৎ থাকে না ১২ ঘণ্টাও। বিদ্যুতের জন্য বাড়ছে মানুষের ক্ষোভ। বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২২ দিন ধরে অব্যাহত অসহনীয় তাপপ্রবাহের পাশাপাশি ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং মারাত্মকভাবে ভোগাচ্ছে তাঁদের। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টায় কোথাও ১২ ঘণ্টা আবার কোথাও ৩ থেকে ৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। এতে তীব্র গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে জীবন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কলকারখানায় উৎপাদনে মারাত্মক ধস নেমেছে। এর বিরূপ প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপর। অনেক এলাকায় ডায়রিয়া ও গরমে অসুস্থ (মৃদু হিট স্ট্রোক) হয়ে পড়ার প্রবণতা বেড়েছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের মাহমুদ জানান, ৫০ শয্যার এই হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ জন, ৩ জন গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব কয়েক দিনে অনেক বেড়েছে। এমন বৈরী আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মে মাসের ২২ দিনে বরিশালে তাপমাত্রা বেশির ভাগ সময়ই ৩৫ ডিগ্রি ছুঁই ছুঁই এবং বেশ কিছুদিন ওপরে ছিল। ১৯ মে তা বেড়ে ৩৬ দশমিক ৮ ডিগ্রিতে পৌঁছায়।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. ইউসুফ গত রোববার বলেন, তাপমাত্রার এই অস্বাভাবিক অবস্থা আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে।

পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ওজোপাডিকো) বরিশাল সার্কেলের সূত্র জানায়, এই সার্কেলের আওতায় বরিশাল নগর, ঝালকাঠি, নলছিটি, পিরোজপুর ও ভান্ডারিয়া সাব-স্টেশনের আওতায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছেন। এ ছাড়া ছোট-বড় মিলিয়ে ১ হাজার ৫০টি কলকারখানা রয়েছে। এই গ্রাহকদের জন্য বরিশাল সার্কেলের বিদ্যুতের চাহিদা ১২০ মেগাওয়াট। কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে প্রতিদিন ৬০-৭০ মেগাওয়াট। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুতের জোগান হওয়ায় এখন বরিশাল নগর ও বিভাগের জেলা শহরগুলোতে ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আর গ্রামের পল্লী বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা আরও নাজুক। গ্রামাঞ্চলের পল্লী বিদ্যুতের গ্রাহকেরা দিনে ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না। আর এতে অসহনীয় হয়ে উঠছে জনজীবন।

বরগুনা শহরে বিদ্যুতের দাবিতে দুই দিন ধরে গ্রাহকেরা বিক্ষোভ ও বিদ্যুৎ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন। ঝালকাঠির রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম গতকাল সোমবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত ১৫ দিন ধরে ২৪ ঘণ্টায় আমরা তিন-সাড়ে তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ পাই না।

ওজোপাডিকোর বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকতিয়ার উদ্দীন রোববার বলেন, ‘তাপমাত্রা যত বাড়ছে বিদ্যুতের চাহিদাও তত বাড়ছে। শীত না এলে এই চাহিদা কমার কোনো সম্ভাবনাও নেই। তা ছাড়া চলতি মাসের প্রথম দিকে জাতীয় গ্রিডে দুটি বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর এই চার বিভাগের ৩৮টি জেলায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। এ জন্য চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমাদের সার্কেলে ১২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে কিন্তু আমরা সেখানে প্রতিদিন ৬০-৭০ মেগাওয়াটের বেশি পাচ্ছি না। এই ঘাটতি নিয়েই আমাদের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে হচ্ছে।’

খুলনা: পাইকগাছা উপজেলায় সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বিদ্যুৎ চলে যায়। আসে বেলা ৩টার দিকে। আবার বিকেল ৫টার দিকে চলে যায়, সন্ধ্যার কিছু আগে এলেও আবার চলে যায় সন্ধ্যার পরপরই। এরপর বিদ্যুতের দেখা পাওয়া যায় রাত ১২টার পর।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহিদুজ্জামান বলেন, জেলায় পল্লী বিদ্যুতের মোট চাহিদা রয়েছে ৫০ মেগাওয়াটের মতো। কিন্তু পাওয়া যায় ২০ মেগাওয়াট। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে।

খুলনা নগরে রোববার বিকেল পর্যন্ত ছিল খুবই লোডশেডিং। প্রচণ্ড দাবদাহের মধ্যে দুই ঘণ্টা পর পর লোডশেডিংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছিল নগরবাসী। তবে ওই দিন সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

নগরে বিদ্যুৎ সরবরাহ করে থাকে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড। ওই কোম্পানির প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, নগরের মধ্যে বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াটের মতো। ভেড়ামারা, ভোলাসহ কয়েকটি পাওয়ার স্টেশনের সংস্কারকাজ চলায় কয়েক দিন ধরে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। এ কারণে পরিস্থিতি সামাল দিতে ঘন ঘন লোডশেডিং হচ্ছিল। তবে রোববার সন্ধ্যার পর ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্রের সংস্কারকাজ শেষ হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

সাতক্ষীরা: প্রচণ্ড গরম আর বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের ফলে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে কতবার বিদ্যুৎ যাচ্ছে আর আসছে, তার কোনো হিসাব নেই। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলেও পরবর্তী দুই ঘণ্টা দেখা মিলছে না বিদ্যুতের। উপজেলাগুলোর অবস্থা আরও ভয়াবহ। একবার বিদ্যুৎ গেলে আবার যে কখন আসবে, তা কেউ বলতে পারে না। এ অবস্থা চলছে দিনের পর দিন।

এদিকে অব্যাহত লোডশেডিংয়ের কারণে জেলার চিংড়িশিল্পসহ ছোট-বড় শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আলম হোসেন, পুরোনো সাতক্ষীরার বাবলুর রহমান ও কাটিয়ার জিয়াউল হক বলেন, দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে ৮-১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না। অনেক সময় ১৫ মিনিট বিদ্যুৎ দিয়ে ১ ঘণ্টা বিদ্যুতের দেখা মিলছে না। আর ১ ঘণ্টা বিদ্যুৎ দিলে পরবর্তী ১ থেকে ২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, এটা স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সাতক্ষীরা জেলা শহরে প্রতিদিন গড়ে ১২-১৫ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং চলছে। উপজেলাগুলোর অবস্থা আরও ভয়াবহ। জেলার শ্যামনগর উপজেলা সদরের আজিজুর রহমান ও ইয়াসিন আলী বলেন, তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন না, একরকম বলা চলে। দিনে ১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে কখনো কখনো ৩-৪ ঘণ্টা না থাকা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাতে একবার বিদ্যুৎ গেলে আর আসবে না, এটা মানুষ ধরে নিয়েছে। একই অবস্থা জেলার কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনি, কলারোয়া ও তালা উপজেলার।

সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রবীন্দ্রনাথ দাস বলেন, জেলায় পল্লী বিদ্যুতের ১০টি সাব-স্টেশনের আওতাধীন মোট ১২টি ফিডার রয়েছে। এসব ফিডারের আওতায় ২ লাখ ৭০ হাজার গ্রাহক রয়েছে। গ্রাহকের চাহিদা মেটাতে প্রয়োজন কমপক্ষে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু পাওয়া যাচ্ছে ৩০ মেগাওয়াটেরও কম। তাই বিদ্যুতের লোডশেডিং থাকছেই।

এছাড়া বরিশালের গৌরনদী এবং রাজবাড়ীর গোয়ালন্দেও বিদ্যুতের দাবিতে গতকাল বিক্ষোভ করা হয়েছে।