১২ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শরীফ
মো. শরীফ

চট্টগ্রামে যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত কর্মী মো. শরীফের বাবা মো. হেলাল বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে নগরের খুলশী থানায় এই মামলা করেন।
এর আগে মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. সোহেল, মো. আরমান, মাঈন উদ্দিন ওরফে হানিফ ও ওয়াসিম উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে শরীফকে খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, গত মঙ্গলবার বিকেলে নগরের চন্দনপুরায় এক আত্মীয়ের বাসা থেকে রিকশায় করে খুলশী থানার চানমারী রোড এলাকার বাসায় ফিরছিলেন শরীফ। পথে ওয়াসার মোড় এলাকায় শরীফকে ১০ থেকে ১২ জন যুবক রিকশা থেকে টেনে নামান। তাঁকে জোর করে একটি অটোরিকশায় করে লালখান বাজারের বাঘঘোনা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ওই যুবকেরা। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শরীফের বাবা সন্ধ্যার পর হাসপাতালে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় পান।
খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, শরীফ হত্যায় জড়িত থাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শরীফকে খুনের কথা স্বীকার করেছেন। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার আশ্রয়-প্রশ্রয়ে এঁরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন। তাঁদের বিরুদ্ধে আরও মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, নিহত শরীফও খুনের মামলার আসামি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করতে ২০১৫ সালের ২৮ মে লালখান বাজার এলাকায় খোকন সরকার নামের একজনকে ছুরিকাঘাত করে খুন করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে শরীফ দুই মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান। শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গ্রেপ্তার চারজনকে বুধবার বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বিকেলে আদালত প্রাঙ্গণে আসামি ওয়াসিম ও মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, শরীফ পূর্ববিরোধের জেরে খুন হতে পারেন। তবে তাঁরা এই ঘটনায় জড়িত নন।
নিহত শরীফের বাবা মো. হেলাল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শরীফ যুবলীগের কর্মী ছিলেন। নগরের ফিশারিঘাটে মাছের আড়তে তাঁর সঙ্গে কাজ করতেন। তাঁর ছেলের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা হয়েছিল।
পুলিশ জানায়, শরিফ হত্যা মামলার এজাহারে গ্রেপ্তার চারজনসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আটজন হলেন শরীফ ওরফে ডেকচি শরীফ, আল আমিন, মো. হোসেন, মো. পারভেজ, আল আমিন খান, সজীব দাস, সুমন ওরফে ডেকচি সুমন ও রাসেল। খুলশী থানার ওসি বলেন, বাকি আটজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।