১২ জনকে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত
রাজধানী ও কেরানীগঞ্জে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকা ও দালালির দায়ে ১২ জনকে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত পৃথক ঘটনায় প্রায় এক লাখ টাকা জরিমানা করেছেন।
বিআরটিএ সূত্র জানায়, সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার জন্য দালালেরা লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। এর দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ দালাল মো. রতন (৩০), মো. সেলিম (৩৫), জিয়াউল হক (২৫), মো. আশিক (২০) ও বাবুলকে (৫৫) বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ওই এলাকায় আদালত বৈধ কাগজপত্র না থাকায় চারজনের কাছ থেকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জের ইকুরিয়ার বিআরটিএ কার্যালয়ে
তিন দালাল মো. সুমন (৩০), মো. মাসুদ (৩৫), আবদুর রাজ্জাককে (২৭) বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ওই এলাকায় অভিযান চালিয়ে ওই আদালত বৈধ কাগজপত্র না থাকায় ১৭ জনের কাছ থেকে ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত উত্তরার দিয়াবাড়ি বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে চার দালাল শাহিনুর রহমান (২৪), হায়াতুল্লাহ (৩০), বিমল মণ্ডল (২২) ও বুলবুল খালিদকে (৪৬) ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ওই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১৫ জনের কাছ থেকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেন।
বিআরটিএ প্রধান কার্যালয়ের পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ১২ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে জরিমানার টাকা আদায় করা হয়েছে।