১২ জনের জায়গায় আছেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ে লোকবলসংকট মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে ১২ জনের জায়গায় কাজ করছেন মাত্র দুজন। এ অবস্থায় মাসের পর মাস ধরনা দিয়েও ছাড়পত্র জোগাড় করতে পারছেন না শিল্পোদ্যোক্তারা।জানা গেছে, ২০১০ সালের অক্টোবর মাসে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এই কার্যালয়ে উপপরিচালকসহ ১২ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন। তাঁদের একজন জ্যেষ্ঠ রসায়নবিদ ও একজন পরীক্ষাগার সহকারী। গত দুই বছরে কখনোই উপপরিচালক পদে কেউ নেই। জ্যেষ্ঠ রসায়নবিদই এই দায়িত্বে রয়েছেন। তাঁরা শুধু সবুজ ও কমলা (ক) প্রকৃতির ছাড়পত্র দিতে পারেন। কমলা (খ) প্রকৃতির ছাড়পত্রের জন্য বগুড়া ও লাল প্রকৃতির ছাড়পত্রের জন্য শিল্পোদ্যোক্তাদের ঢাকায় যেতে হয়।সবুজ ও কমলা (ক) খুবই হালকা প্রতিষ্ঠান। ২০ অশ্বশক্তিসম্পন্ন চালকল ও ইটভাটা কমলা (খ) প্রকৃতির। রাজশাহীর চালকলমালিকদের এই পরিবেশ ছাড়পত্রের জন্য বগুড়ায় বিভাগীয় কার্যালয়ে যেতে হয়। অনেক উদ্যোক্তা ঋণ নিয়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ছেন। কিন্তু পরিবেশ ছাড়পত্র না থাকায় ব্যাংক তাঁদের চলতি মূলধন দিচ্ছে না। এ জন্য তাঁরা উৎপাদনে যেতে পারছেন না, কিন্তু ঋণের সুদ ঠিকই দিতে হচ্ছে।ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, তিনি গোদাগাড়ী উপজেলার বসন্তপুরে একটি স্বয়ংক্রিয় চালকল করেছেন। কিন্তু পরিবেশ ছাড়পত্রের জন্য উৎপাদনে যেতে পারছিলেন না; ব্যাংক থেকে চলতি মূলধনের জন্য ঋণও নিতে পারছিলেন না। তিন মাস ঘুরে অবশেষে ১০ দিন আগে কাগজপত্র পেয়েছেন। তিনি আরও বলেন, এ জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিজের গাড়িতে করে কারখানায় নিয়ে যেতে হয়েছে; আবার গাড়িতে করে পৌঁছে দিতে হয়েছে। তাঁদের নিজের কোনো গাড়ি নেই। রাজশাহী চালকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, রাজশাহীতে আড়াই শ লাইসেন্সধারী চালকল রয়েছে। এ জন্য পরিবেশ ছাড়পত্র নিতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় বিভাগীয় শহরে না হয়ে বগুড়ায় হওয়ার জন্য রাজশাহীর মানুষকে আরও ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভাগীয় কার্যালয়ের পরিচালকের পরিবার ঢাকায় থাকে। বগুড়া কার্যালয়ে গিয়ে তাঁকে ঠিকমতো পাওয়া যায় না। গত বৃহস্পতিবার অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ে গিয়ে শুধু জ্যেষ্ঠ রসায়নবিদকে পাওয়া যায়। তিনি বলেন, এই কার্যালয়ে উপপরিচালক পদে প্রথম থেকেই কেউ আসেননি। ১২ জন কর্মকর্তা-কর্মচারীর কাজ দুজন দিয়ে কোনোভাবেই সময়মতো শেষ করা যায় না। তা ছাড়া সব কাজ তাঁরা এখানে করতে পারেন না। যোগাযোগ করা হলে বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক আফরিন আক্তার বলেন, লোকবলসংকটের কারণে তাঁরা সময়মতো পরিবেশ ছাড়পত্র দিতে পারছেন না। বিভাগীয় কার্যালয়ে ছয়জন পরিদর্শকের জায়গায় আছেন মাত্র দুজন। তাঁদের একজন আবার অসুস্থ। তা ছাড়া তাঁদের কোনো গাড়ি নেই; এ জন্য কোনো বাজেটও নেই। ঢাকা থেকে অফিস করা প্রসঙ্গে তিনি বলেন, লোকবলসংকটের কারণে এমনিতেই সপ্তাহে একটার বেশি সভা করা যায় না। সুতরাং, তাঁর কারণে কোনো কাজ পড়ে থাকে না।