১২ জনের নিয়োগে তদন্ত কমিটি, তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি আদেশের পর ১২ দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে তিনটি মামলা হয়েছে।
বাগমারা থেকে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়ম করে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বদলির আদেশ পাওয়ার পর তিনি ওই নিয়োগ দেন। এ ক্ষেত্রে স্থানীয় সাংসদের সুপারিশ বা পরামর্শ নেওয়ার বিধান থাকলেও তিনি তা নেননি। এ ঘটনায় ইউএনও টাকার বিনিময়ে লোক নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২৬ আগস্ট প্রথম আলোয় ‘টাকা নিয়ে ১২ জনকে নিয়োগ দিয়ে চলে গেলেন ইউএনও?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই সব পদে নিয়োগ স্থগিতের জন্য সুপারিশ করা হয়।
এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক সভাপতি, জেলা শিক্ষা কর্মকর্তা সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ কমিটির সদস্য। কমিটির সদস্যসচিব ও জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় চাকরিপ্রার্থী ও তাঁদের অভিভাবকেরা রাজশাহীর আদালতে ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করে মামলাগুলো করেন।