১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাগ অপহরণ মামলা
পরাগ অপহরণ মামলা

ঢাকার কেরানীগঞ্জের ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ২৪ নভেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন।
অভিযোগ গঠনের সময় অভিযোগপত্রভুক্ত ১২ আসামির মধ্যে ১০ জন আদালতে হাজির ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
গতকালও পাঁচ আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত শুনানি শেষে ওই আবেদন নাকচ করে দেন। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, মো. মাহবুবুর রহমান প্রমুখ।
রাষ্ট্রপক্ষে বিশেষ সরকারি কৌঁসুলি আবদুল বারী মামলা থেকে অব্যাহতি দেওয়া আসামি যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লাসহ তিনজনের বিরুদ্ধেও অভিযোগ আমলে নেওয়ার আরজি জানান।
গত ২৩ মার্চ ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক মনিরুল ইসলাম।
অভিযোগপত্রে অন্তর্ভুক্ত আসামিরা হলেন আমির হোসেন ওরফে ল্যাংড়া আমির, তাঁর স্ত্রী বিউটি বেগম, ভাতিজা আকাশ, দুলাভাই আবুল কাশেম এবং জাহিদুল ইসলাম, কালাচান, আল-আমিন, মোহাম্মদ আলী রিফাত, মামুন মিয়া, শাকিল, সুলতান, ওয়াসিম। সুলতান ও ওয়াসিম পলাতক।
গত ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়ার বাড়ির সামনে থেকে মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও গাড়িচালক নজরুলকে গুলি করে পরাগকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে।