১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র তিনজনকে অব্যাহতির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলায় ১২ জনকে অভিযুক্ত করে গতকাল শনিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মুক্তার হোসেন ওরফে আমির ওরফে ল্যাংড়া আমির, তাঁর স্ত্রী বিউটি বেগম, বোনজামাই আবুল কাশেম, সহযোগী মোহামঞ্চদ আলী রিফাত, জাহিদুল ইসলাম, আল আমিন, মো. কালা চান, মামুন মিয়া, মো. শাকিল, সুলতান মিয়া, মো. ওয়াসিম ও মো. আকাশ। এঁদের মধ্যে প্রথম নয়জন কারাগারে আছেন। শেষ তিনজন পলাতক। অভিযোগপত্রে বলা হয়, মুক্তিপণের জন্য স্থানীয় পেশাদার সন্ত্রাসী আমিরের পরিকল্পনায় ও তাঁর নেতৃত্বে শিশু পরাগকে অপহরণ করা হয়েছিল।অভিযোগপত্রে আসামির তালিকা থেকে শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ওরফে জুয়েল মোল্লা, রিজভী আহমেদ (অনিক) ও মো. আলফাজকে বাদ দেওয়া হয়েছে। একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে জুয়েল মোল্লাকে তখন এ মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ১৫ আসামির নাম এসেছিল। কিন্তু পরে জুয়েল মোল্লাসহ তিনজনের বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তাই তাঁদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা গতকাল সকালে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় (জিআরও) অভিযোগপত্রটি জমা দেন। আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ রোববার বিচারিক হাকিম আদালতে মামলার নথিসহ অভিযোগপত্র উপস্থাপন করা হবে।জানতে চাইলে পরাগের বাবা ব্যবসায়ী বিমল মণ্ডল গতকাল বলেন, অভিযোগপত্র দেওয়ার কথা তিনি লোকমুখে শুনেছেন। এ ব্যাপারে তাঁকে তদন্তকারী কর্মকর্তা কিছু জানাননি। গত বছরের ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়া বাসার গলির মুখ থেকে অপহূত হয় শিশু পরাগ। দুর্বৃত্তরা পরাগের মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও তাঁদের গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে পরাগকে তুলে মোটরসাইকেলযোগে নিয়ে যায়। এ ঘটনায় তখন দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ নভেম্বর মধ্যরাতে দুর্বৃত্তরা কেরানীগঞ্জের আঁটিবাজার রাস্তায় পরাগকে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ৫০ লাখ টাকার মুক্তিপণের বিনিময়ে দুর্বৃত্তরা পরাগকে ছেড়ে দেয় বলে তখন র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছিল।এরপর ২৩ নভেম্বর টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধের’ পর গুলিবিদ্ধ অবস্থায় প্রধান আসামি আমিরকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে আমির, জাহিদুল ইসলাম, কালা চান, আল-আমিন ও মোহাম্মদ আলী রিফাত আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।