কিশোরগঞ্জে গত শুক্রবার এসএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলাম খুন হওয়ার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার আমিনুলের চাচা মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় এ মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুর মালেক (২০), নাইমুল ইসলাম (১৯), ইমন (২০), ইয়াছিন (২০), মাহবুব (১৯) ও রুবেল (২০)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ শহরের নগুয়া বাঘাবাড়ি এলাকায়।গ্রেপ্তার হওয়া ছয়জন থানায় সাংবাদিকদের জানান, গত ১৬ ডিসেম্বর শহরের পুরোনো স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে এবং ১০ মার্চ নতুন স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলায় আমিনুলের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয় ও হাতাহাতির ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় মুঠোফানে এ ব্যাপারে মীমাংসার কথা বলে তাঁরা আমিনুলকে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নিয়ে এসে ছুরিকাঘাত করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ছয়জন আমিনুলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। গতকাল বিকেলে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।