১২ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জামিল হোসেন ওরফে বাচ্চু হত্যা মামলার ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আখতার হোসেন এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ইব্রাহিম, হাবিল, শামীম, ইসলাম, জিয়া, ডাবলু, শাহেদ, জাহাঙ্গীর ওরফে বাবু, রাজ্জাক, আরিফ খান, মানিক ও মুকুল হোসেন। এর মধ্যে মানিক ও ইসলাম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ জুলাই বিকেলে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কুমারখালী হাতিরপুল রেলক্রসিংয়ে সশস্ত্র ব্যক্তিরা জামিল হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে গুলি চালিয়ে হত্যা করে। পরে হত্যাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরদিন জামিলের ভাই কয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম ওরফে স্বপন বাদী হয়ে কুমারখালী থানায় ইব্রাহিম, হাবিল, শামীম, বাচ্চু, আজবাহার, জিয়া, ডাবলু, মানিক, শাহেদ, জাহাঙ্গীরের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন। তদন্ত শেষে ২০০৯ সালের ৭ সেপ্টেস্বর ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে অভিযোগপত্র দাখিলের আগেই আজবাহার মারা যান। ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ১৩৫ কার্যদিবস শুনানি শেষে গতকাল আদালত রায় ঘোষণা করেন। এ সময় আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জনসহ ২৫ আসামি উপস্থিত ছিলেন।

জামিল হোসেনের ভাই জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসামিদের ফাঁসি হলে শতভাগ খুশি হতাম। তাই ফাঁসির জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।’

জামিল হোসেনের স্ত্রী সাদিয়া জামিল বলেন, ‘পাঁচ বছর ধরে রায়ের অপেক্ষায় ছিলাম। আসামিদের ফাঁসি হলে শান্তি পেতাম।’

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন এনামুল হক। তিনি বলেন, রায় সন্তোষজনক। প্রকৃত অপরাধীদের শাস্তি হয়েছে।