১২ জনের সম্পদের হিসাব ওয়েবসাইটে আছে: টিআইবি
দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) আয়-ব্যয়ের হিসাব এবং এর ট্রাস্টি বোর্ডের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পদ বিবরণী ওয়েবসাইটে দেওয়া আছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, চাইলেই যে কেউ তা দেখতে পারেন।
পোশাক খাতের সুশাসন নিয়ে গতকাল বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ১৩ এপ্রিল নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে টিআইবির সম্পদের বিবরণ প্রকাশের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।
পানামা পেপারস কেলেঙ্কারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চিলি শাখার প্রেসিডেন্টের পদত্যাগের পর সজীব ওয়াজেদ লিখেছিলেন, টিআইবি সম্পদের বিবরণ প্রকাশ করে এটা প্রমাণ করুক যে তারা চিলি শাখার মতো দুর্নীতিগ্রস্ত নয়।
এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অতীতেও এ ধরনের প্রশ্ন উঠেছিল। এটা আমাদের জন্য ভালো।’ তিনি বলেন, ‘সরকারের কাছে বছর শেষে আমরা সম্পদের হিসাব উপস্থাপন করি। আমরা কত টাকা পাচ্ছি, তা সরকারই আগে জানতে পারে। কারণ অর্থ উত্তোলনের জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। এখনো একটি আবেদন জমা আছে।’
টিআইবির ওয়েবসাইটে দেখা গেছে, ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম ও ছবির বাঁ পাশে ‘রেজিস্ট্রার অব ইন্টারেস্ট’ নামে একটি নথি দেওয়া আছে। সেখানে ট্রাস্টি বোর্ডের ১০ জন সদস্য এবং একজন নির্বাহী পরিচালক ও একজন উপনির্বাহী পরিচালকের সম্পদের বিবরণী দেখা যায়। ওই বিবরণীতে তাঁদের সম্পদের তথ্য, তাঁরা কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং স্বামী-স্ত্রীর সম্পদের তথ্য দেওয়া আছে। ওয়েবসাইটে ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ বার্ষিক প্রতিবেদন রয়েছে।