১২ জুন ভূমিকম্প সচেতনতা দিবস হিসেবে পালনের দাবি
নেপাল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে ভূমিকম্প মোকাবিলায় এখনই জরুরি উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা ভূমিকম্প বিষয়ে সচেতনতা তৈরি করতে ১২ জুনকে রাষ্ট্রীয়ভাবে ভূমিকম্প সচেতনতা দিবস হিসেবে পালনেরও দাবি জানিয়েছেন।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) আয়োজিত ভূমিকম্প সচেতনতাবিষয়ক শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। ১৮৯৭ সালের ১২ জুন ভারতের আসামে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশ ও ভারতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছিল। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শোভাযাত্রা শুরু হয়ে নবাব নওয়াব আলী সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘নেপালের ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’ বাংলাদেশে এ ধরনের ভূমিকম্প হলে তা মোকাবিলার মতো ব্যবস্থাপনা দেশে যাতে তৈরি হয় সে জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভূমিকম্পবিষয়ক সচেতনতা সৃষ্টিতে ১২ জুনকে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা দিবস হিসেবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান উপাচার্য।
শোভাযাত্রা শেষে নবাব নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে আলোচনা সভা হয়। ‘বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা ও প্রস্তুতি’ শীর্ষক এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মাকসুদ কামাল। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী ভারত, নেপাল ও মিয়ানমারে ভূমিকম্প সৃষ্টির মতো ভূগর্ভস্থ ফাটল রয়েছে। নেপালের সাম্প্রতিক ভূমিকম্প সেই ফাটলের কারণেই হয়েছে। এই ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে পরিকল্পিত নগরায়ণ এবং ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি।
সিডিএমপির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমিকম্প পূর্বাভাস নিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আখতার প্রমুখ।