১২ জুলাই শুরু হজযাত্রীদের টিকা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া কার্যক্রম ১২ জুলাই থেকে শুরু হবে। পবিত্র হজে যাওয়ার আগ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে জেদ্দা বিমানবন্দরে দেখানোর জন্য স্বাস্থ্যসনদ সংগ্রহ করতে হয়। হজযাত্রীকে টিকা নিতে যাওয়ার সময় প্রাক্‌-নিবন্ধন বা নিবন্ধনের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। টিকা গ্রহণের পর হেলথ কার্ড সংরক্ষণ করতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদার ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল ও সচিবালয় ক্লিনিকে ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। আশকোনা হজ ক্যাম্পে ১৬ জুলাই থেকে শুরু হবে এ কার্যক্রম।

অন্য সব জেলার হজযাত্রীরা বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্যসনদ সংগ্রহ করতে পারবেন।

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সৌদি আরব যাওয়ার হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৪ জুলাই থেকে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।