১২ জেএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা নিয়ে শিক্ষক উধাও
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধনকুড়া আকবর আলী কারিগরি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে ১২ জন শিক্ষার্থী এবারের জেএসসি পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকেরা মঙ্গলবার ওই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা ওই ১২ জন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত হারে অর্থ নিয়ে তা বোর্ডে না পাঠিয়ে আত্মসাৎ করেছেন। পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীরা প্রবেশপত্র আনতে গেলে প্রধান শিক্ষককে না পেয়ে ফিরে আসে। পরীক্ষার দিন সকালে আবারও পরীক্ষার্থীরা অভিভাবকসহ প্রবেশপত্র আনতে গেলে প্রধান শিক্ষক পালিয়ে যান। এ ঘটনার পর থেকে ওই প্রধান শিক্ষক লাপাত্তা বলে একাধিক সূত্র জানায়। পরে পরীক্ষার্থী ও অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে বিষয়টি জানালে গত সোমবার তিনি স্কুলের পরিচালনা পরিষদের সভা আহ্বান করেন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। এবার তাঁর জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। তাই তাঁকে অব্যাহতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না। আশা করি এবার এলাকাবাসী স্কুলের তালা খুলে দেবে। অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।