১২ জেলায় এক লাখ মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গঙ্গাচড়ায় লক্ষীটারি ইউনিয়নে ইচলি এলাকার তিস্তা নদীর ভাংগন ও বন্যায় ভিটেমাটি থেকে ঘরবাড়ি সরিয়ে সংকরদহ বাঁধে আশ্রয় নিচ্ছেন ভুক্তভোগী মানুষ।
মঈনুল ইসলাম

উজানের বৃষ্টি আর ঢলের কারণে দেশের অন্তত আটটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে গেছে। ১২টি জেলার নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের এসব জেলার প্রায় এক লাখ মানুষ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী এক সপ্তাহ এসব জেলার বন্যা পরিস্থিতির অবনতি হবে। অনেক এলাকায় পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দৈনিক দুর্যোগ পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয় থেকে এরই মধ্যে বন্যাকবলিত এলাকায় নগদ অর্থ ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। বন্যায় পানিবন্দী মানুষের জন্য স্থানীয় সরকারি-বেসরকারি ভবনগুলোকে আশ্রয়কেন্দ্রে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, এরই মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ীসহ বন্যাকবলিত কয়েকটি জেলার মানুষ স্থানীয় উঁচু সড়ক এবং ভবনে আশ্রয় নেওয়া শুরু করেছে।

এদিকে পানি বৃদ্ধি ও দমকা হাওয়ার আশঙ্কায় দেশের সবগুলো নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের বিভিন্ন নদ-নদীর ১০৯টি পয়েন্টের মধ্যে ৫৩টিতে পানি বাড়ছে ও ৫২টিতে পানি কমতে শুরু করেছে। আর ১৪টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রামে দুটি নদীর পানি বাড়ায় কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
মঈনুল ইসলাম

দুর্যোগ পরিস্থিতি প্রতিবেদন বলছে, এক সপ্তাহ ধরে শুরু হওয়া বন্যায় রাজবাড়ী ও বগুড়া জেলার নিম্নাঞ্চল সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুরের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। আগামী এক সপ্তাহে এসব জেলার আরও এলাকায় পানি প্রবেশ করবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দেশের প্রধান সাতটি নদ-নদীর মধ্যে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, আত্রাই, মেঘনা, দুধকুমার ও ধলেশ্বরীর ১৪টি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী এক সপ্তাহ সেখানে পানি বাড়তে পারে।

এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া প্রথম আলোকে বলেন, বাংলাদেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাত বেড়ে গেছে। ফলে ওই পানি ঢল হয়ে বাংলাদেশের প্রধান নদ-নদীগুলোর দিকে আসছে। যে কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আগামী এক সপ্তাহ বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার দেশের বেশির এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আগামী কয়েক দিন বিরতি দিয়ে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।
আজ শনিবার দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ৬৭ মিলিমিটার। রাজধানীর আকাশ বেশির ভাগ সময় মেঘলা থাকলেও বৃষ্টি হয়েছে সব মিলিয়ে মাত্র এক মিলিমিটার।