১২ জেলায় প্রাণ গেল আরও ২০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে গতকাল শনিবার সন্ধ্যায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং কালিহাতী উপজেলায় প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত আরও ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নয় দিনে সারা দেশে ৮৮টি সড়ক দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩৪৬ জন।

ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

টাঙ্গাইল: মধুপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধুপুর পৌর এলাকার নরকোনা এলাকায় টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তাঁরা হলেন মধুপুর উপজেলার টিকরী গ্রামের আবদুর রহমানের ছেলে লিটন (২২), একই গ্রামের সালমা (২৩), পোদ্দারবাড়ী গ্রামের সমশের আলীর ছেলে রজব আলী (৬০) এবং অজ্ঞাতনামা একজন। এ দুর্ঘটনায় আহত হন ১৯ জন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, সকাল সোয়া নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় গাইবান্ধা থেকে আসা ঢাকামুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী তৌহিদ হোসেন। যানটির অপর আরোহী মোখলেছুর রহমানকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সিলেটেরগোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. আবু নাসের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে বড়লেখাগামী যাত্রীবাহী একটি মিনিবাস সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ১৭ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে স্কুলছাত্রী দুই বোন শুভা বেগম (১১) ও তনিমা বেগম (৬) মারা যায়। তারা গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে।

ভোলার সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ভোলা-ইলিশা সড়কের পরানগঞ্জ গুপ্তমুন্সি এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় নিহত হন সদর উপজেলার পূর্বচর ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খবিরুদ্দিন খান।

আর ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর বাংলাবাজার এলাকায় গতকাল দুপুরে অটোরিকশা উল্টে মাহবুবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি রংপুরের শিবগঞ্জ উপজেলার বাকজোয়া গ্রামে।

রাজশাহীনগরের সপুরা এলাকায় গতকাল দুপুরে অটোরিকশা চালাচ্ছিল গ্যারেজের শিশু শ্রমিক হাসান আলী (১২)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গেলে হাসান যানটির নিচে চাপা পড়ে মারা যায়।

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশে উল্টে যায়। এ সময় পথচারী জয়নাল বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর বাসস্ট্যান্ডে গতকাল দুপুরে বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন ফারুক গাজী (২৪) নামের এক পথচারী।

শুক্রবার রাতে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে পাবনার বেড়া উপজেলার শিবপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি করিমনের সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। তাঁদের একজন ইব্রাহিম (২০) হাসপাতালে মারা যান।

বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় গতকাল বিকেলে বাসচাপায় নিহত হন মোটরসাইকেলের চালক সজীব হাওলাদার (১৯) ও তাঁর ভগ্নিপতি খলিল মিয়া (৩৫)।

কুড়িগ্রামেরভূরুঙ্গামারী উপজেলায় শুক্রবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নিহত হয়েছে সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আসমানী (৭)।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শালবরাটে গতকাল সকালে বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী সোহেল মোল্লা (২২)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বাড়ি কোটালীপাড়া পৌরসভায়।

শেরপুরে সকাল ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামের ফকির মাহমুদ (৬৫) ঝিনাইগাতী-গজারীকুড়া সড়কের ভারুয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কানারপুকুর তৈয়বের বটতলা এলাকায় গতকাল বিকেলে বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন প্রাইভেট কারের চালক গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আহসান (৩০)।