বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফায় ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া গেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরগুলোতে দেশের ১২ জেলার ১৫টি স্থানে বিভিন্ন ধরনের সহিংসতার চিত্র উঠে এসেছে।
এদিকে, বুধবার রাতে পেট্রল-বোমায় দগ্ধ লক্ষ্মীপুরের ট্রাকচালক মো. আহসান উল্যাহ (৪০) গতকাল রোববার সকালে মারা গেছেন।
গতকাল সারা দেশে মোট ৩৩৭ জন গ্রেপ্তার, ৬৫ জন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন ৪২৩ জন। এ ছাড়া দুই হাজার ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকায় কোনো নাকশতা বা সহিংসতার ঘটনা ঘটেনি। রাজধানীর কয়েকটি স্থানে জোটের ঝটিকা মিছিল ও কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, অবরোধের সমর্থনে ঢাকায় বিভিন্ন থানায় মিছিল করার সময় পুলিশ তাদের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশের গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভ্রাম্যমাণ আদালন একজনকে সাজা দিয়েছেন।
সংঘর্ষ-গুলি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাসখামারে গতকাল সন্ধ্যায় একজন শিবিরের কর্মীকে গ্রেপ্তারের পর তাঁকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের ছোড়া গুলিতে মাসুম বিল্লাহ (২৭) নামে এক শিবিরের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে ভোরে কালীগঞ্জ উপজেলার কুশলিয়া গড়ের মাঠ এলাকায় পুলিশের গুলিতে আশরাফুল ইসলাম (১৯) নামে এক শিবিরের কর্মী গুলিবিদ্ধ হন।
জয়পুরহাটের পাঁচবিবি সদরে আওয়ামী লীগ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় চারজন আহত হয়েছেন। নাশকতা এড়াতে পৌর এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামে শনিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
ককটেল-বোমা: কুমিল্লা নগরের দুটি স্থান থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টায় নগরের দক্ষিণ চর্থা তালতলা এলাকার বায়তুন নূর নামে একটি বাড়ির পাশ থেকে আটটি এবং একই এলাকার নবাববাড়ী চৌমুহনীতে ঠিকাদার বাবুল মিয়ার বাড়ির পাশের নালা থেকে গতকাল ভোরে ছয়টি ককটেল উদ্ধার করা হয়।
বগুড়ার শেরপুর শহরের ছয়টি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার রাত আটটার পর থেকে রাত ১১টা পর্যন্ত কলেজ রোড, উপজেলা পরিষদের সামনে, তুলাপট্টির সামনে, খেজুরতলা ও ধুনট রোড বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে নয়টি এবং গতকাল দুপুরে ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সকালে শহরের মাস্টারপাড়া ও বাজারপাড় মহল্লা থেকে বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করেছে। এর মধ্যে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক মানিক আকবরের মাস্টারপাড়ার বাড়ির বারান্দা থেকে দুটি এবং একই পাড়ার দিনু প্রামাণিকের বাড়ির বারান্দা থেকে দুটি ও বাজারপাড়ার বনোয়ারী লাল বাগলার বাড়ির গেটের সামনে থেকে একটি বস্তু উদ্ধার করা হয়।
হামলা-ভাঙচুর-আগুন: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে চারটি ট্রাক ভাঙচুর এবং দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোরে শহরের রায়পুর রেলস্টেশনের কাছে একটি মাইক্রোবাসে আগুন দেন অবরোধ সমর্থকেরা। এ সময় গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পাশের দোকান ও একটি রিকশায় আগুন ধরে তিনজন আহত হন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। কিছুক্ষণ পর শহরের মতিন সাহেবের ঘাটে দাঁড়িয়ে থাকা চারটি ট্রাক ভাঙচুর এবং উল্লাপাড়ার বোয়ালিয়ায় একটি মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো, সোলায়মান হাওলাদারের (৩২) ওপর হামলা করে তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুরে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি-জামায়াতবিরোধী স্থানীয় লোকজন সদর উপজেলা পূর্ব জামায়াতের নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) বিএনপির কর্মী আনিসুর রহমান ও তাঁর ভাই অধ্যক্ষ আজিজুল ইসলামের বাড়ি ভাঙচুর করে।
জামালপুরের সরিষাবাড়ীতে চারটি মোটরসাইকেল ভাঙচুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় ১৫-২০টি মালবাহী ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করেছেন অবরোধকারীরা। চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বাদশা মিয়া ফিলিং স্টেশনের সামনে একটি খালি বাসে গতকাল এবং মিরসরাইয়ে একটি মালবাহী ট্রাকে রাতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ উদ্দিন চৌধুরীকে বহনকারী মোটরসাইকেল শনিবার রাতে পুড়িয়ে দিয়েছেন অবরোধকারীরা।
দিনাজপুরের দশ মাইল মোড়ে শনিবার রাতে জামাত-শিবিরের হামলায় পণ্ড হয়ে গেছে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ। এ সময় হামলাকারীরা আওয়ামী লীগের নেতাদের পাঁচটি মোটরসাইকেল, সাতটি সাইকেল ও সভামঞ্চ জ্বালিয়ে দেন।
বোমায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু: পেট্রলবোমায় দগ্ধ লক্ষ্মীপুরের ট্রাকচালক মো. আহসান উল্যাহ (৪০) রোববার সকালে মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহসান উল্যাহ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের আহমেদ উল্যাহর ছেলে। বুধবার রাতে চট্টগ্রাম থেকে মালবোঝাই ট্রাক নিয়ে কুমিলা যাওয়ার পথে ১৮-দলীয় জোটের অবরোধের মুখে পড়েন তিনি। ওই সময় ভাটিয়াল এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে ভেতরেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গত তিন দিন চিকিৎসাধীন ছিলেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]