১২ টাকার বেগুন এক হাত ঘুরে ৪৮ টাকায় বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার মহাস্থান পাইকারি বাজারে গতকাল সোমবার প্রতি কেজি বেগুন বিক্রি করে কৃষক পেয়েছেন সাড়ে ১২ টাকা। কৃষকের কাছ থেকে এ বেগুন কিনেছেন আড়তদার-ব্যাপারীরা। আরেক হাত বদল হয়ে মাত্র ১২ কিলোমিটার দূরে বগুড়ার খুচরা বাজারে এসে এ সবজির দাম উঠেছে ৪৮ টাকায়!
একইভাবে মহাস্থান বাজারে গতকাল এক কেজি কাঁচা মরিচ বিক্রি করে কৃষক পেয়েছেন ৩০ টাকা। দুই হাত বদল হওয়া এ কাঁচা মরিচ বগুড়ার ফতেহ আলী বাজারে ক্রেতাদের কিনতে হয়েছে প্রতি কেজি ৮০ টাকায়। মহাস্থান বাজারে এক কেজি শসা বিক্রি করে কৃষক পান ৩০ টাকা। বগুড়ার খুচরা বাজারে এসে সেই শসার দাম উঠেছে ৪৮ টাকায়। মহাস্থান বাজারের সাড়ে ১২ টাকার করলা বগুড়ায় বিক্রি হচ্ছে ৪৮ টাকায়।
মহাস্থান বাজারে এক কেজি ধনেপাতা বিক্রি করে কৃষক পেলেন ৮০ টাকা। বগুড়ার খুচরা বাজারের ক্রেতাদের সেই ধনেপাতা কিনতে হয়েছে প্রতি কেজি ৪০০ টাকায়।
এভাবে উৎপাদক পর্যায় থেকে দুই থেকে তিন হাত বদল হয়েই পণ্যের দাম লাফিয়ে বাড়ছে। দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ জানাতে পারেননি বিক্রেতারা।
সবজির ক্রেতা-বিক্রেতা ও পরিবহনকর্মী, মহাস্থান থেকে বগুড়া শহর পর্যন্ত এক কেজি পণ্যের পরিবহন খরচ গড়ে ৩০ পয়সা। অন্য খরচ যোগ করে খুচরা বাজারে দামের পার্থক্য দুই থেকে তিন টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ বেগুন-করলার মতো সবজির দাম বাড়ানো হয়েছে চার গুণ। শসা, ধনেপাতা, পটল ও কাঁচা মরিচের দাম তিন গুণ।
বগুড়ার খুচরা বাজারে ক্রেতা আজগর আলী ক্ষোভ ঝেড়ে বলেন, রোজা শুরু হলেই লাফিয়ে বাড়ে বেগুনের দাম। ৩৬ টাকার বেগুন এক লাফে ৮০ টাকায় উঠেছে। প্রশাসনের বাজার তদারকি না থাকায় ইচ্ছেমতো দামে এ পণ্য বিক্রি হচ্ছে। ফতেহ আলী বাজারের সবজি বিক্রেতা আবু কালাম জানান, রমজানের আগে প্রতিবছর সবজির সরবরাহ ঘাটতি থাকে। এবার সরবরাহ ঘাটতির সঙ্গে অতিবর্ষণের কারণে সবজির দাম বেড়েছে।
মহাস্থানের পাইকারি বাজারে জেলার পীরগাছা গ্রামের বেগুনচাষি আফজাল হোসেন বলেন, ‘আগের দিন একই হাটত বাগুন বেঁচনো এক হাজার টেকা মণ। বিয়ান (ভোর) না হতেই সেই বাগুনের দাম পড়ে অর্ধেক।’
মহাস্থানবাজারের আড়তদার জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, রোববারের বৃষ্টিতে সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার চাষিরা একযোগে খেত থেকে সবজি তুলে বাজারে এনেছেন। আমদানি অনেক বেড়ে যাওয়ায় বেগুনের মতো সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। তিনি বলেন, কৃষকের কাছ থেকে সবজি কেনেন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। সেখান থেকে সবজি যায় খুচরা বাজারে। বগুড়ার খুচরা বাজারে গিয়ে দাম দুই থেকে তিন টাকার বেশি বাড়ার কথা নয়।
মাছ-মাংস: রোজার প্রথম দিনেই তেঁতে উঠেছে মাছের বাজার। মাছ ব্যবসায়ী মোতাহার হোসেন জানান, দুই কেজির বেশি ওজনের কাতল প্রতি কেজি ৩০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগে এই মাছ বিক্রি হয়েছে ২৫০ থেকে ৪০০ টাকায়। মাঝারি রুই ৩০০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। রোজার আগে এর দাম ছিল ২৫০ থেকে ২৮০ টাকা। প্রতি কেজি মাঝারি ট্যাংরা ৬০০ টাকার জায়গায় এক হাজার টাকায়, এক কেজি ওজনের ৬০০ টাকার ইলিশ এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ টাকা কেজির মাগুর মাছ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় এবং ৫০০ টাকার শিং মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফতেহ আলী বাজারের মাংস ব্যবসায়ী ইমান আলী জানান, প্রতি কেজি গরুর মাংস ২০ টাকা বেড়ে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ৪০০ টাকা কেজি খাসির মাংস ৪২০ টাকায়, ১৪০ টাকা কেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকায়, ৩০০ টাকার দেশি মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির ডিমের দাম হালিতে চার টাকা বেড়ে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে।