১২ ট্রেনের পরিচালন সময় কমছে
ঢাকা-চট্টগ্রাম রেলপথের একমাত্র বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসসহ ১২টি ট্রেনের পরিচালন সময় কমছে। ২২ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথে আন্তনগর সুবর্ণ, গোধূলী ও প্রভাতী; চট্টগ্রাম-সিলেট রেলপথে পাহাড়িকা; ঢাকা-নোয়াখালী রেলপথে উপকূল এক্সপ্রেসসহ সাতটি আন্তনগর ও পাঁচটি মেইল-এক্সপ্রেস ট্রেনের পরিচালন সময় কমছে। গতকাল মঙ্গলবার নতুন সূচির তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, নতুন সূচি অনুযায়ী দেশের একমাত্র বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাতটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে। যাওয়ার পথে ট্রেনটির পরিচালন সময় কমছে ৩০ মিনিট। ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে বিকেল তিনটায় যাত্রা শুরু করে চট্টগ্রামে পৌঁছাবে রাত সাড়ে আটটায়। ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে ট্রেনটির পরিচালন সময় কমছে ৫০ মিনিট।
রেলওয়ে সূত্র আরও জানায়, মহানগর প্রভাতীর পরিচালন সময় ৫৫ মিনিট কমছে। ট্রেনটি ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে যাত্রা শুরু করবে। চট্টগ্রামে পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মকবুল আহাম্মদ বলেন, ‘রেলের রানিং টাইম (পরিচালন সময়) কমিয়ে আনতে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। আমরা কয়েকটি ট্রেনের রানিং টাইম কমিয়ে এনেছি। এখন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এবং দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাবেন। ২২ ফেব্রুয়ারি থেকে নতুন সূচি কার্যকর হবে।’