১২ ডিসেম্বর ১৪ জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বরাক নদে টিপাইমুখ বাঁধ নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে ১২ ডিসেম্বর ১৪ জেলায় একসঙ্গে মানববন্ধন করবে ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’। গতকাল রোববার বেলা একটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন, সিলেট’-এর উদ্যোগে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য মাসব্যাপী লাগাতার আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হচ্ছে—১২ ডিসেম্বর সুরমা, কুশিয়ারা ও মেঘনা অববাহিকার ১৪ জেলায় মানববন্ধন। ১৩ থেকে ৩১ ডিসেম্বর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং ১ জানুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ ও মিছিল।সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বক্তব্য দেন। মতবিনিময় সভায় এসে একাত্মতা প্রকাশ করেন সিলেটের প্রবীণ বাম রাজনীতিক মো. আরশ আলী, কলন্দর আলী, লোকমান আহমদ, অধ্যাপক শফিকুর রহমান, মো. আরিফ মিয়া, সিকান্দর আলী, ফারুক মাহমুদ চৌধুরী, পুরঞ্জয় চক্রবর্তী, ধীরেন সিংহ, রমেন্দ্র কুমার প্রমুখ।বেদানন্দ ভট্টাচার্য বলেন, ‘ভারতের বুর্জোয়া শ্রেণী মুনাফার জন্য তাদের ক্রমবর্ধমান লোভ চরিতার্থ করতে টিপাইমুখে বাঁধ নির্মাণে উদ্যোগী হয়েছে। এর সঙ্গে ভারতের জনগণের স্বার্থ জড়িত নয়। এই বাঁধ নির্মিত হলে শুধু বাংলাদেশই নয়, ভারতের মণিপুর রাজ্যের বিপুলসংখ্যক হতদরিদ্র আদিবাসী জনগোষ্ঠী তাদের ভিটেমাটি হারাবে। দুই দেশের মানুষের কথা বিবেচনা করে ভারতের এই বাঁধ নির্মাণ থেকে বিরত থাকা উচিত।’মশাল মিছিল: শহরে গতকাল সন্ধ্যায় ‘টিপাইমুখ বাঁধবিরোধী মশাল মিছিল’ করেছে ছাত্র ইউনিয়ন। শহরের ধোপা দীঘিরপাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, সিলেটের সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান প্রমুখ।