১২ তরুণীকে কারাদণ্ড দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে স্বাধীনতা উৎসবের নামে অশ্লীল নাচ-গান করার অপরাধে ১২ তরুণীকে চার দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই দণ্ডাদেশ দেন। এর আগে গত শনিবার রাতে তাদের লালদীঘি মাঠের ভেরাইটিশো মঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ৫ মার্চ থেকে লালদীঘি মাঠে স্বাধীনতা উৎসবের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনী চলছে। টিনের বেড়া দিয়ে ঘেরাও করে প্রতিদিন রাত সাড়ে সাতটা থেকে এই প্রদর্শনী চলে। শনিবার গভীর রাতে কোতোয়ালি থানার পুলিশ সেখান থেকে ১২ তরুণীকে গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, তরুণীরা গতকাল আদালতে দোষ স্বীকার করে। এ কারণে মহানগর হাকিম লঘু শাস্তি হিসেবে প্রত্যেককে চার দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ডের আদেশ দেন।