জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে সরকার এবং প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে ১২ দফা দাবি জানিয়েছ বাঁশখালীর গণ্ডামারার ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটি’। গতকাল সোমবার কমিটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি পাঠানোর কথা স্বীকার করে বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়কারী মোহাম্মদ লেয়াকত আলী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকার এবং প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে ২০ দিন আগে জনগণের ১২ দফা দাবি দেওয়া হয়েছে। তাঁরা এগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।
১২ দফা দাবির মধ্যে রয়েছে পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে সাগরের লবণাক্ত পানিকে মিঠা পানি করে প্রকল্পে ব্যবহার করা। গভীর নলকূপের মাধ্যমে পানি না তোলা। প্রকল্প-সংলগ্ন চরের মৎস্যজীবীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। প্রকল্প এলাকায় যাঁদের বসতভিটা রয়েছে তাঁদের অন্য জায়গায় বাড়ি নির্মাণ করে দেওয়া। প্রকল্প এলাকার মসজিদ ও কবরস্থান ধবংস না করা। প্রকল্পের জন্য যেসব জমি এখনো কেনা হয়নি তা যুগোপযোগী মূল্য দিয়ে কেনা। প্রকল্পে গণ্ডামারা ইউনিয়নের ৭৫ ভাগ লোককে নিয়োগ দেওয়া। গত বছরের ৪ এপ্রিল গুলিতে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আরও ক্ষতিপূরণ দেওয়া। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে গণ্ডামারাবাসীকে অব্যাহতি দেওয়া ইত্যাদি।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত বছরের ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে চারজন নিহত হন।