১২ দফা দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখা গতকাল সোমবার মানববন্ধন করেছে। বেলা ১১টার দিকে শহরের কান্দিরপাড়ে এ মানববন্ধন করা হয়। এতে কুমিল্লা জেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে বাকশিসের সভাপতি মো. শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম আলকাসুর রহমানের নেতৃত্বে শিক্ষকেরা জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে সরকারি-বেসরকারি শিক্ষাব্যবস্থার মধ্যকার বৈষম্য নিরসন, স্থগিত টাইমস্কেল প্রদানসহ বেসরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়।বাকশিসের সভাপতি মো. শাহজাহান চৌধুরী বলেন, ‘বেসরকারি কলেজের শিক্ষকেরা অযত্ন-অবহেলায় আছেন। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা মানববন্ধন করাসহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছি।’