১২ দফা দাবিতে তিলকপুর চা-বাগানে ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের শাখা তিলকপুর চা-বাগানের শ্রমিকেরা গতকাল সোমবার ধর্মঘট শুরু করেছেন। চা-বাগানের শ্রমিকদের শিক্ষিত বেকার ছেলেদের শূন্য পদে নিয়োগ দেওয়াসহ ১২ দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।

সকাল ১০টায় ওই বাগানের ৭০০ শ্রমিক মিছিল নিয়ে প্রধান বাগান চাতলাপুরের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তিলকপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বীরবল গোয়ালা জানান, তিন মাস আগে তাঁরা চাতলাপুর চা-বাগানের প্রধান ব্যবস্থাপকের কাছে ১২ দফা দাবি জানিয়েছিলেন। সর্বশেষ ২৫ মে সভা করে তাঁরা লিখিতভাবে দাবিগুলো ব্যবস্থাপকের কাছে উপস্থাপন করেন।

শ্রমিকদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে তিলকপুর চা-বাগানে ট্রাকের চালক নিয়োগ, তিলকপুর চা-বাগানের শ্রমিকদের রেশন তিলকপুরে বিতরণ, অস্থায়ী শ্রমিকদের ১২ মাস কাজ করার সুযোগ দেওয়া, দৈনিক মজুরি ৬০ টাকাসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া, শ্রমিকদের ভাঙা ঘর এক সপ্তাহের মধ্যে মেরামত করে দেওয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা। কিন্তু প্রধান ব্যবস্থাপক দাবিগুলো পূরণের আশ্বাস না দিয়ে তাঁদের হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে চাতলাপুর চা-বাগানের প্রধান ব্যবস্থাপক ইফতেখার এনাম জানান, চা-শিল্পে সবার আগে শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানানো হয়। পরে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করা হয়। তবে এ জন্য অপেক্ষা করতে হবে। দাবি জানিয়ে তা বিবেচনার সুযোগ না দিয়েই শ্রমিকেরা হঠাৎ করে ধর্মঘট শুরু করেছেন। তিনি শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী ও চাতলাপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, আন্দোলনরত চা-শ্রমিকদের দাবি নিয়ে প্রধান ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।