১২ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের ছাত্ররা ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় সব বিভাগের ছাত্ররা ক্লাস বর্জন করে মাঠে স্লোগান দিতে থাকেন।
বেশ কয়েকজন শিক্ষক উত্তেজিত ছাত্রদের শান্ত করার চেষ্টা করলে ছাত্ররা তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে ছাত্ররা তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নেন। গতকাল শনিবার সকাল ১০দিকে এ আন্দোলন শুরু হয়।
আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিপন মুসলিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বিশুদ্ধ পানির বড় সমস্যা। এ ছাড়া বেশ কয়েকটি ফি বাড়ানো হয়েছে, যা আমাদের পক্ষে অসুবিধা সৃষ্টি করছে। অযৌক্তিক বর্ধিত ফি প্রত্যাহারসহ ১২ দফা দাবি করেছি। যদি আগামীকালের (আজ) মধ্যে মেনে নেওয়া না হয়, আন্দোলন করে আদায় করা হবে।’
কুমিরা ক্যাম্পাসের প্রধান দেলোয়ার হোসাইন বলেন, ‘টিউশন ফি বেড়েছে কি না, আমি বলতে পারব না। হিসাব বিভাগ ভালো বলতে পারবে। তবে বাকি দাবিগুলো মেনে নেওয়ার মতো। পর্যায়ক্রমে দ্রুত বাস্তবায়ন করা হবে।’