১২ দফা দাবিতে শিক্ষার্থীরা ফের আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ১২ দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এসব দাবি জানিয়ে কলেজের প্রশাসনিক ভবনসহ সব কটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষার্থী বলেন, গত ২৬ ডিসেম্বর আন্দোলনে নেমেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। ওই দিন রাত ১১টায় এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় কলেজ কর্তৃপক্ষ। অথচ সে সময় পেরিয়ে গেলেও দাবি পূরণ করা হয়নি। এ কারণে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
২০০৮ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বর্তমানে ৩৭১ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রশাসনের নানামুখী অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পুরোপুরি বিনষ্ট হয়ে পড়েছে। এসব অনিয়ম দূর করার পাশাপাশি শিক্ষার্থীরা গতকাল ১২ দফা দাবি উত্থাপন করেছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে অটোক্যাড ল্যাব সচল করা, শ্রেণিকক্ষে পানির ফিল্টার ও সাউন্ড সিস্টেম চালু করা, উপযুক্ত ও দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস ও পরীক্ষা পরিচালনা, ছয় মাসের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ, ক্যাম্পাসে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা, সেমিস্টার ফি ক্রমান্বয়ে বৃদ্ধি বন্ধ করা, সঠিক সময়ে বৃত্তির টাকা প্রদান, সেমিস্টার ফাইনাল ও বছরের ছুটি চিহ্নিত দিনপঞ্জিকা প্রকাশ, ল্যাব-লাইব্রেরি ও একাডেমিক ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের আবাসনব্যবস্থা অপসারণ, শিওর ক্যাশে সব পেমেন্ট বাতিল করা, সংস্থাপন ফি ২ হাজার ৪০০ টাকার বাস্তব প্রয়োগ ও পরিবহন সুবিধা চালু করা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘দু-একটি দাবি ছাড়া এরই মধ্যে শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হয়েছে। বাকি দাবিগুলোও পূরণ করার প্রচেষ্টা চলছে। তাই পুনরায় কেন শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, সেটিই তো বুঝে উঠতে পারছি না। তারপরও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে, দেখা যাক কী হয়।’