১২ দিন পর আটকে রাখা ১৫ ব্যক্তি উদ্ধার
কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকা থেকে গতকাল শনিবার সকালে একটি বাড়ি থেকে আটকে রাখার ১২ দিন পর ১৫ ব্যক্তিকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবির ভাষ্যমতে, ওই ব্যক্তিদের সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে গত ২৭ মার্চ সকালে টেকনাফ বাসস্টেশন এলাকা থেকে দালাল চক্রের সদস্যরা ওই বাড়িতে নিয়ে ১২ দিন ধরে আটকে রেখেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল শনিবার সকাল আটটার দিকে গোপন সংবাদে খবর পেয়ে সাবরাং বিওপির চৌকির নায়েক সুবেদার বজলুর রহমানের নেতৃত্বে সাবরাং ইউনিয়নের কাঁটাবনিয়া এলাকার বাসিন্দা আবু কালাম ও আবদুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির দুটি কক্ষ থেকে ১৫ ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তিরা সিরাজগঞ্জ, যশোর ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।