নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার ১২ দিন পর হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে শহরের কালীরবাজার চারারগোপ থেকে রিফাত বিন ওসমান (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।১৮ মার্চ তানভীরের বাবা রফিউর রাব্বি স্থানীয় আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ কয়েকজনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের (এসপি) কাছে যে লিখিত অভিযোগ দেন, তাতে রিফাতের নামও ছিল। এসপি সৈয়দ নূরুল ইসলাম বলেন, তানভীর হত্যায় জড়িত থাকার অভিযোগে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহরের আমলাপাড়ার ওসমান গনির ছেলে।রিফাতকে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিফাতের মা নাছিমা ওসমান সাংবাদিকদের বলেন, ডিবি পুলিশ ১২ মার্চ রাতে বাসা থেকে তাঁকে ধরে নিয়ে জেলা ডিবি অফিসে আটকে রেখেছিল। পুলিশ সূত্র জানিয়েছে, রিফাত আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তিনি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। ৬ মার্চ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর। ৮ মার্চ সকালে চারারগোপে নদীসংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।এদিকে সন্দেহভাজন ব্যক্তিদের দেশত্যাগ ঠেকাতে গতকাল এসপির কাছে আবেদন করেছেন তানভীরের বাবা রফিউর রাব্বি। শামীম ওসমানসহ সাতজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে তাঁরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য ব্যবস্থা নিতে আবেদন করেছেন তিনি। এসপি এ আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে রফিউরের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে এসপি বলেন, শুধু গ্রেপ্তারি পরোয়ানা, মামলার এজাহার এবং অভিযোগপত্রভুক্ত আসামিদের ক্ষেত্রে ইমিগ্রেশনে দেশত্যাগের নিষেধাজ্ঞার জন্য আবেদন জানানো যায়। তবু পুলিশ সজাগ রয়েছে। এদিকে গতকাল আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তানভীর হত্যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভার সভাপতি জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, তানভীর হত্যা তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। এসপি বলেন, ‘আমি বিবেকের কাছে দায়বদ্ধ, তানভীর হত্যাকারীরা ধরা পড়বেই। এ মামলাকে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ বলেন, খুনিদের হাত যত বড়ই হোক না কেন, তাঁদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সভায় আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা জেলার পাঁচ সাংসদের কেউ-ই ছিলেন না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া প্রমুখ। আবুল কালাম আজাদ প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। সভায় সাংসদ সারাহ বেগম কবরী ও নাসিম ওসমানের উপস্থিত থাকা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। মা সমাবেশের আহ্বান: তানভীর হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত ‘মা’ সমাবেশে আকুতি ওঠে, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়। গতকাল বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। জেলা মহিলা পরিষদের সভানেত্রী লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তানভীরের মা রওনক রেহানা একাত্মতা প্রকাশ করে চলে যান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা মালেকা বানু, তানভীরের চাচা ওয়াহিদ রেজা, জেলা মহিলা পরিষদের সহসভাপতি রীনা আহমেদ, নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা গণফোরামের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে তানভীর হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের পক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা এবং আশিক ইসলাম-দিদারুল আলম-ভুলু সাহা হত্যার দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবি পেশ করা হয়। এ ছাড়া হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।