
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেনিহারী সেতুর দুপাশের ভাঙা সংযোগ সড়ক ১২ দিনেও মেরামত করা হয়নি। ফলে সেতু দিয়ে পীরগঞ্জ-বোচাগঞ্জ-দিনাজপুর সড়কে সরাসরি বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ সব রকম যানবাহন চলাচল করতে পারছে না। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
টাঙ্গন নদের পানির চাপে ১১ আগস্ট রাতে ওই সেতুর দুপাশের সংযোগ সড়ক ভেঙে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বোচাগঞ্জের সেনিহারী গ্রামের তফিজুল ইসলাম ও পয়গাম আলী বলেন, এলাকার ১০-১২ জন যুবক ওই সেতুর দুপাশের ভেঙে যাওয়া অংশে বাঁশের সাঁকো তৈরি করেছেন। তাঁরা ৫ থেকে ১৫ টাকার বিনিময়ে সাইকেল, মোটরসাইকেল ও লোকজন পার করছেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ গ্রামের আবদুল হক দিনাজপুরে চিকিৎসার জন্য তাঁর মা আকলিমা বেগমকে (৭৫) গত সোমবার অটোচার্জারে ওই সেতু পর্যন্ত আনেন। পরে তিনি মাকে আড়কোলা করে সেতুর দুপাশের দুইটা সাঁকো পার করে ওপারে অন্য অটোচার্জারে তোলেন। আবদুল হক বলেন, ‘ভাগ্য ভালো পুলের দুপাশে বাঁশের সাঁকো হয়েছে বাড়তি খরচ হলো হোক, না হলে ঘুরে যেতে হতো। রাস্তাটা ভালো হবে কবে?’
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই সেতুরপীরগঞ্জের দিকের রাস্তাটি ২০-২৫ ফুট আর বোচাগঞ্জের দিকে ১৮-১৯ ফুট ভেঙে গেছে। সেতুর দুপাশে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছেন বোচাগঞ্জের সেনিহারী ও নাফানগর গ্রামের কিছু যুবক। তাঁরা ৫-১৫ টাকার বিনিময়ে সাইকেল, মোটরসাইকেল পার করছেন। আর জনপ্রতি ২-৩ টাকাকরে নিচ্ছেন। ভাঙার দুপাশে ১০-১২টি অটোচার্জার যাত্রীর জন্য সারিবদ্ধভাবে অপেক্ষমাণ।
দিনাজপুর মোটরমালিক সমিতির মিনিবাসচালক পরেশ চন্দ্র রায় বলেন, ‘এই ভাঙা জায়গা ছাড়াও বোচাগঞ্জ-দিনাজপুর সড়কের বটতলী, বাজনাহার রেলঘুন্টীর পর দেওয়ান দীঘি ও বিরল মোড়ের মুদিখানা রাস্তায় ভাঙা রয়েছে। এ জন্য বহু কষ্টে ওই সব ভাঙা পার হয়ে যাতায়াত করতে হচ্ছে।’
বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন গত সোমবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ‘খননযন্ত্র দিয়ে মাটি ভরাট করে ভাঙা রাস্তা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।’