১২ দিনেও সন্ধান মেলেনি নীলফামারীর ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা শহর থেকে নিখোঁজ হওয়া ডিমলা উপজেলার ভুট্টা ব্যবসায়ী আরিফুজ্জামানের (৩২) সন্ধান মেলেনি ১২ দিনেও।
থানায় মামলা হলেও তাঁকে উদ্ধারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আরিফুজ্জামানের পরিবারের সদস্যরা। তাঁরা দ্রুত তাঁর সন্ধান দাবি করেন। অবশ্য পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাঁকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিমলার পশ্চিম খড়িবাড়ি গ্রামের মো. আশাকুজ্জামানের ছেলে আরিফুজ্জামান সুমন ব্যবসায়িক কাজে ৫ মে বিকেলে জলঢাকা উপজেলার ইসলামী ব্যাংকের শাখা থেকে সাড়ে পাঁচ লাখ টাকা উত্তোলনের পর নিখোঁজ হন।
পরিবারের সদস্যদের দাবি, তাঁকে ওই টাকাসহ অপহরণ করা হয়েছে। এ ঘটনায় গত ৬ মে জলঢাকা থানায় একটি সাধারণ (ডায়েরি) জিডি এবং ১২ মে চারজনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ ব্যবসায়ীর বাবা মো. আশাকুজ্জামান, মা ফরিদা বেগম, বড় ভাই হাসানুর রহমান, স্ত্রী ফাতেমা বেগমসহ দুই সন্তান ইসরাত জাহান ও ইমতিয়াজ জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসানুর রহমান বলেন, ‘৬ মে জলঢাকা থানায় একটি জিডি করি। পরে ব্যাংকের ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণসহ ১২ মে ফেরদৌস আলম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, মো. তারেককে আসামি করে জলঢাকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করি। এরপর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।’ পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই মূল ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে।