টাঙানো হয়েছে সিটিজেন চার্টার (নাগরিকদের জন্য ঘোষণাপত্র, যাতে থাকে কোথায় গেলে কোন সেবা মিলবে), নির্ধারণ করা হয়েছে অভিযোগ শুনানি দিবস, চালু করা হয়েছে ওয়াই-ফাই জোন, স্থাপন করা হচ্ছে ক্লোজড সার্কিট ক্যামেরা। রাজশাহী শিল্পকলা একাডেমিতে সব মিলিয়ে ১২ ধরনের নতুন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‘শিল্পিত রূপে শিল্পকলা’ শিরোনামে গতকাল রোববার সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। নিরাপত্তাব্যবস্থা, প্রশিক্ষণ কক্ষ, লাইব্রেরি, আর্ট গ্যালারি, পুস্তক ও প্রকাশনা বিক্রয়কেন্দ্র, নিয়নসাইন বোর্ড স্থাপন, নামাজ ঘর—সব মিলিয়ে এ দিনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ সেজেছে নতুন সাজে। একাডেমির কর্মচারীদের দেওয়া হয়েছে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম। তৈরি করা হয়েছে অভ্যর্থনা কক্ষ।
প্রধান অতিথি নূর-উর রহমান বলেন, ‘শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়িয়ে আমাদের যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারি। শিল্প-সংস্কৃতির চলমান গতিকে আরও বেগবান করতে পারি। এখানে আজ সিটিজেন চার্টার করা হয়েছে। একটি ওয়াই-ফাই জোন করা হয়েছে। এখানে এসে একজন শিল্পী শুধু একটি গানের রেওয়াজ করবেন তা-ই নয়, সমকালীন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহী শিল্পকলা একাডেমি আরও প্রাণচঞ্চল হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘রাজশাহী শিল্পকলা একাডেমিতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুধু রাজশাহীর শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করবে না, সারা দেশেই এর প্রভাব পড়বে। অন্যরাও উদ্বুদ্ধ হবেন। আমাদের ভালো লাগছে যে রাজশাহীতে আমরা কাজটা প্রথমে করতে পারলাম।’
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাউদ্দিন, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার প্রমুখ।