১২ নার্স পেলেন মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড
নার্সিং সেবায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন হাসপাতালে কর্মরত ১২ জন নার্সকে মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় শাহবাগের বারডেম মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কারপ্রাপ্ত নার্সরা হলেন বারডেম জেনারেল হাসপাতালের যমুনা মণ্ডল, রিক্তা গাইন, নাছিমা বেগম, নাসরিন পারভীন, ফজিলা খানম ও ছালেহা বেগম, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মাহমুদা বেগম ও শাহজাদী লস্কর, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) সমাপ্তি মণ্ডল ও আল্পনা আক্তার, বিআইএইচএস জেনারেল হাসপাতালের ফাহিমা খাতুন ও আছমা আক্তার।
অনুষ্ঠানে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, এ ধরনের উদ্যোগে অন্যরা অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি অধ্যাপক এ আর খান।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, এই সম্মাননার প্রবর্তক ও সমিতির ন্যাশনাল কাউন্সিলের সদস্য মাহবুব-উজ-জামান ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার প্রমুখ।
২০১০ সাল থেকে প্রতিবছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবসে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধীনে কর্মরত নার্সদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।