১২ পদের ৮টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর পদ ১২টি। এর মধ্যে ৮টিই শূন্য। এতে দাপ্তরিক কাজ ছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোর পাঠদান তদারকি ও পরিদর্শন কার্যক্রম ব্যহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কার্যালয়ে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও), পাঁচজন সহকারী শিক্ষা কর্মকর্তা, একজন উচ্চমান সহকারী, দুজন অফিস সহকারী, একজন হিসাব সহকারী, একজন কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহায়কের পদ আছে। এর মধ্যে দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা, একজন উচ্চমান সহকারী ও একজন হিসাব সহকারী কর্মরত আছেন।
সোনাগাজী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় আছে ১০৮টি। প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, মাত্র দুজন সহকারী শিক্ষা কর্মকর্তার পক্ষে এতগুলো বিদ্যালয় তদারকি ও পর্যবেক্ষণ করা কঠিন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ইন্টারনেট সুবিধা থাকলেও কম্পিউটার অপারেটর না থাকায় এর সুফল পাওয়া যাচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরিয়ত উল্যাহ বলেন, লোকবল-সংকটের কারণে শিক্ষকদের কাজগুলো সময়মতো করা সম্ভব হয় না।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুর নবী বলেন, কর্মকর্তার পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন ও তদারকি করা সম্ভব হয় না। বর্তমানে যাঁরা কর্মরত আছেন, তাঁদের পক্ষে এতগুলো বিদ্যালয় পরিদর্শন করা খুবই কঠিন। কর্মকর্তা-কর্মচারীর সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।