১২ পাহাড়ে ঝুঁকিতে দেড় লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ছোটবড় ১২টি সরকারি পাহাড়ে অবৈধভাবে তৈরি হয়েছে ১২ হাজার বসতবাড়ি। এসব ঘরে থাকছে অন্তত দেড় লাখ মানুষ। প্রভাবশালীরা সরকারি জমির দখলস্বত্ব ঠিক রাখতে ভাসমান লোকজনকে ওই সমস্ত ঘরবাড়িতে রাখছে। প্রবল বর্ষণে পাহাড়ধস ও প্রাণহানি রোধে এসব ঘরবাড়ি দ্রুত উচ্ছেদ প্রয়োজন।

গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাহাড় নিধন ও ঝুঁকিপূর্ণ বসতবাড়ি-সংক্রান্ত এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

জেলা প্রশাসক বলেন, পাহাড় নিধন ও অসংখ্য বসতবাড়ি তৈরির ফলে শহরের লাইট হাউস, সার্কিট হাউস পাহাড়, বাদশাঘোনা, দক্ষিণ ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, সাহিত্যিকা পল্লীসহ বেশ কয়েকটি পাহাড়ি এলাকা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। উচ্ছেদের মাধ্যমে পাহাড়গুলো ঝুঁকিমুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি ঝুঁকিতে লোকজনকে দ্রুত সরিয়ে আনা দরকার উল্লেখ করে বলেন, তিন দিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের পাহাড়ধস হতে পারে। কিন্তু কোনো লোক পাহাড় ছাড়তে রাজি হচ্ছে না।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামও ঝুঁকিতে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়ার তাগিদ দেন।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা বলেন, বৃষ্টি থামলে উচ্ছেদ অভিযানও থেমে যায়। উচ্ছেদে ভাঙা ঘরবাড়ি আবার তৈরি হয়। এ ছাড়া অধিদপ্তর, জেলা প্রশাসন মামলা করে ভাসমান লোকজনের বিরুদ্ধে। কিন্তু ঘর তৈরির আসল হোতাদের কিছুই হচ্ছে না।

কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, বৃষ্টিপাত শুরুর সঙ্গে সঙ্গে পাহাড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে। কিন্তু এ পর্যন্ত কোনো লোক পাহাড়ের বসতি ছেড়ে নিরাপদ স্থানে সরে আসেননি।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, কক্সবাজার দমকল বাহিনীর উপসহকারী পরিচালক আবদুল মালেক, জেলা আনসার ভিডিপি কমান্ডার দেওয়ান মাতলুবুর রহমান, কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. বেলায়েত হোসেন প্রমুখ।