রাজশাহীর ১২টি পৌরসভার মধ্যে আটটিতেই মেয়র পদে প্রার্থী বাছাই করতে পারেননি আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এ অবস্থায় এই আট পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের তালিকা গতকাল সোমবার কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন সবাই দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়।
এই আট পৌরসভা হলো—পুঠিয়া, দুর্গাপুর, আড়ানি, কাটাখালী, কেশরহাট, তানোর, মুণ্ডুমালা ও গোদাগাড়ী। এগুলোতে দুই থেকে সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী রয়েছেন। আর বাকি চারটিতে একক প্রার্থী দেওয়া সম্ভব হলেও এর মধ্যে দুটিতে বর্ধিত সভা করে প্রার্থী নির্বাচন করতে হয়েছে। এই পৌরসভাগুলো হলো—চারঘাট, তাহেরপুর, কাঁকনহাট ও নওহাটা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই কমিটি গত রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক করে সবগুলো পৌরসভায় একক প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সমঝোতা না হওয়ায় তা সম্ভব হয়নি। এই কমিটিতে রয়েছেন আওয়ামী লীগের সংশ্লিষ্ট পৌরসভা ও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট আসনের সাংসদ। কেন্দ্র ঘোষিত এই কমিটি মাঠপর্যায়ে প্রার্থী বাছাইয়ের কাজ করেছে।
সূত্রমতে, গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট ও তাহেরপুর পৌরসভায় প্রার্থী দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। কাঁকনহাটের মেয়র আবদুল মজিদ ও তাহেরপুরের মেয়র আবুল কালাম আজাদ একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। দলের ভেতরে তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
তবে চারঘাট ও নওহাটায় বর্ধিত সভা করে তৃণমূলের মতামতের মাধ্যমে প্রার্থী মনোনীত করতে হয়েছে। রোববার চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হককে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। একই দিনে নওহাটা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারী খানকে প্রার্থী হিসেবে মনোনীত করে দল। কিন্তু এ দুটি পৌরসভায় দলীয় সমর্থন ছাড়াই একাধিক প্রার্থী মনোনয়নপত্র তুলতে পারেন বলে স্থানীয় নেতারা আশঙ্কা করছেন।
বাকি আটটি পৌরসভার ব্যাপারে রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রার্থী বাছাই কমিটি সভা করে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ এনামুল হক, কাজী আবদুল ওয়াদুদ, আয়েন উদ্দিনসহ সংশ্লিষ্ট আট থানা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। কিন্তু এসব পৌরসভায় একাধিক প্রার্থী থাকায় এবং নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় কোনো সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় আটটি পৌরসভায় প্রার্থী মনোনয়নের জন্য বিষয়টি দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রার্থী নির্বাচনে নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ থাকায় আটটি পৌরসভায় একক প্রার্থী নির্বাচন সম্ভব হয়নি।