১২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলায় সহকারী শিক্ষকের ২৮টি পদও খালি। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৫৭টি। এর ১২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ছয়-সাত বছর ধরে শূন্য। এ ছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২৮টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে খালি রয়েছে। যে ১২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলো হলো—সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোড়াদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধিওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুইতলা ১ নম্বর কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনমালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ছাতিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গুরুই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মো. হাছেন আলী সম্প্রতি বলেন, এ বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের মধ্যে আছেন চারজন। এর মধ্যে তাঁকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে।
গোড়াদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য প্রায় সাত বছর। তাই নির্ধারিত ক্লাস নেওয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। যেদিন দাপ্তরিক কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হয় সেদিন রুটিনে থাকা আমার ক্লাস হয় না। কারণ, বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক নেই। প্রতি মাসেই চার-পাঁচ দিন এ রকম হয়ে থাকে। অন্য যে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নেই সেগুলোরও একই অবস্থা।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভূঞা বলেন, ‘প্রতি মাসেই এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিবেদন পাঠানো হয়। শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে সেখান থেকে আমাদের জানানো হয়। কিন্তু নিয়োগ হয় না।’