১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের চার উপজেলা এবং বগুড়ার দুপচাঁচিয়া ও ধুনটের ১২ জন চেয়ারম্যান পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের আট ও বিএনপির চারজন প্রার্থী রয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পঞ্চগড়: সাত চেয়ারম্যান পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাকির-বিপেন অংশের প্রার্থী আরিফুল ইসলাম; বোদায় বিএনপির আবদুল আজিজ, আফজাল হোসেন, মজনুর রহমান ও আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন; দেবীগঞ্জে বিএনপি-সমর্থিত প্রার্থী আবু তোরাব সরকার ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল মালেক চিশতি। তবে আবদুল আজিজ দুদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
দুপচাঁচিয়া: আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সামাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ধুনট: এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের পাশাপাশি ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন দলের সহসভাপতি কুদরত-ই-খুদা, শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম মতিউর রহমান। এই চারজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।