
জিগাতলার হাজি আফসার উদ্দীন সড়কটি প্রস্থে ১২ ফুট। সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তিন ফুট ব্যাসের পানিনিষ্কাশনের নতুন পাইপ বসাচ্ছে। পাইপ বসাতে সড়কের আট ফুটের বেশিই খুঁড়ে ফেলা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, পাইপগুলো নিম্নমানের এবং মাটি তুলে সড়কের ওপর রাখায় চলাচলে ভোগান্তি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সড়কের প্রবেশমুখে পাইপ বসানোর কাজ করছেন শ্রমিকেরা। ১২ ফুট সড়কের মাঝবরাবর গর্ত খোঁড়া হয়েছে। সড়কের এক পাশে গর্ত খুঁড়ে তুলে রাখা হয়েছে মাটি। আরেক পাশেও রাখা হয়েছে মাটি, ভাঙা ইট, পুরোনো পাইপ টেনে তোলার কাজে ব্যবহৃত বাঁশ। এর মধ্য দিয়েই বাসিন্দাদের বেশ কসরত করে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। কোনো যানবাহন যাচ্ছে না।
এলাকার বাসিন্দা খালেক ভূঁইয়া বলেন, ‘পাইপ বসানোর সুফল হয়তো আমরাই পাব। তবে তার জন্য এত দুর্ভোগ পোহাতে হবে কেন? একটু পরিকল্পিতভাবে কাজ করলেই এত জনদুর্ভোগের সৃষ্টি হতো না।’
ঠিকাদার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকৌশলী মতিউর রহমান প্রথম আলোকে বলেন, আগের পাইপগুলো পর্যাপ্ত নয় বলেই নতুন বড় মাপের পাইপ বসানো হচ্ছে। সড়কের এক পাশ পরিষ্কার রেখে কাজ করা হচ্ছে। তবে উন্নয়নকাজের জন্য সাময়িক অসুবিধা হবে, সেটাই স্বাভাবিক।
দেখা যায়, সড়কজুড়ে পানিনিষ্কাশনের যে পাইপ বসানো হবে, সেগুলো রাখা হয়েছে। এসব পাইপের অনেকগুলোই আংশিক ভেঙে গেছে। আর দুটি পাইপের সংযোগস্থলে বসানোর জন্য আনা চাকতিগুলোর বেশির ভাগই ভেঙে গেছে। এগুলো বানানোর কাজে ব্যবহৃত রড বেরিয়ে আছে।
এলাকার একাধিক বাসিন্দা বলেন, চার-পাঁচ দিন আগে পাইপগুলো আনা হয়। তখনই অনেক পাইপ ভাঙা ছিল। নিম্নমানের পাইপ বলেই এমন হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। হাজি আফসার উদ্দীন সড়কটিতে প্রায় ১ হাজার ১০০ ফুট পাইপ বসানো হবে।
পাইপগুলো নিম্নমানের, এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী বলেন, অযৌক্তিক অভিযোগ। সড়কটিতে ট্রাক বা ভ্যানগাড়ি ঢোকার মতো জায়গা নেই। তাই পাইপগুলো দড়ি দিয়ে বেঁধে গড়িয়ে আনতে হয়েছে। এতে কিছু পাইপ ফেটে যেতে পারে। যেসব পাইপ ফেটে গেছে, সেগুলো ব্যবহার করা হবে না।
এ বিষয়ে জিগাতলা এলাকার ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘পাইপের মাপ ঠিক আছে। তবে ঠিকাদারদের পুরোনো পাইপ তুলেই নতুন পাইপ বসাতে হবে। আমার লোকজন তদারক করছে। কোনো ফাটা, ভাঙা পাইপ বসাতে দেওয়া হবে না।’