১২ বছর ধরে অকেজো সেতু নিয়ে ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১২ বছরেও কাজে আসেনি পদচারী-সেতু। এতে ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার বাহেরচর গ্রামের চার হাজার বাসিন্দা।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাহেরচর গ্রামের আলগারচর এলাকায় প্রায় ৪ হাজার মানুষের বাস। এসব মানুষের জন্য সড়কপথে যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ২০০৫ সালে বাহেরচর গ্রামের দক্ষিণ প্রান্তে একটি পদচারী-সেতু নির্মাণ করে এলজিইডি।
ছয় ফুট প্রস্থের এই ব্রিজটির দৈর্ঘ্য ৪০ ফুট। এটি নির্মাণের পর এর দুপাশে সংযোগ সড়ক গড়ে তোলা হয়নি। ফলে দীর্ঘ সময় পার হলেও ব্রিজটি আর ব্যবহার করা যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় কৃষক শাহ আলম বলেন, ‘আলগারচরের মানুষ কোনো সময়ই এই ব্রিজটি ব্যবহার করতে পারে নাই। ১২ বছর ধইরা ব্রিজটা খারাইয়া রইছে। কেউ কোনো দিন ব্রিজটি ব্যবহার করণের লাইগা কোনো ব্যবস্থা নেয় নাই।’
মনিকপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাহেরচর গ্রামের বাসিন্দা আবদুল বাতেন বলেন, ‘১২ বছর আগে বিএনপি সরকারের সময়কালে আলগারচরের খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তবে সেই সময় ভুল জায়গায় ব্রিজটি নির্মাণ করায় তা কোনো কাজে আসেনি। আর সংযোগ সড়কও তৈরি করা হয়নি।’
আবদুল বাতেন আরও বলেন, সেতুটি এভাবে পড়ে থাকায় বর্ষার সময় ওই খালে পানি জমলে নৌকা নিয়েও চলাচল করা কঠিন হয়। শুকনার সময়ও ব্রিজের নিচ দিয়ে যাতায়াত সমস্যা।’
উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ‘১২ বছর আগে অপরিকল্পিতভাবে কিছু ফুটব্রিজ নির্মাণ করা হয়েছিল। সেগুলোর মধ্যে কয়েকটির দুপাশে মাটি দিয়ে সংযোগ সড়ক তৈরি করে তা ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। কিন্তু বাহেরচর গ্রামের আলগারচর এলাকায় নির্মিত ফুটব্রিজটির সংযোগ সড়ক এ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। ওই ব্রিজটি ব্যবহারের উপযোগী করে তুলতে রাস্তা নির্মাণের একটি প্রকল্প নেওয়া হচ্ছে।’