১২ বছর পর সাবেক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় ১২ বছর পর পুলিশের পরিদর্শক (বর্তমানে অবসরপ্রাপ্ত) এ কে এম শামসুদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে অভিযোগপত্রটি জমা দেন দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক এ কে এম শামসুদ্দিনের জ্ঞাত আয়ের উৎসসহ যাবতীয় সম্পদ ও দায়দেনার হিসাব বিবরণী দাখিলের জন্য ২০০৩ সালের ২২ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো থেকে নোটিশ দেওয়া করা হয়। কিন্তু নোটিশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি তিনি। ওই বছরের ২৪ আগস্ট বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সাবেক সহকারী পরিদর্শক (বর্তমানে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক) ছাইফুল্লাহ মো. এমরান বাদী হয়ে পুলিশ পরিদর্শক শামসুদ্দিনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে ছয়জনকে সাক্ষী রাখা হয়েছে। পরবর্তী ধার্য দিনে আদালতে অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে শুনানি হবে।