১২ বছর শিক্ষক নিয়োগ নেই, ৩৪ পদের বিপরীতে আছেন ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে চরম শিক্ষকসংকট রয়েছে। বিভাগে ৩৪টি পদের বিপরীতে আছেন মাত্র ১২ জন শিক্ষক। ১২ বছর নিয়োগ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফলে বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।বিভাগের সভাপতি ইন্দ্রজিৎ কুণ্ডু প্রথম আলোকে বলেন, প্রয়োজনের তুলনায় বিভাগের দুই-তৃতীয়াংশ শিক্ষক নেই। বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।বিভাগ সূত্রে জানা গেছে, সমাজতত্ত্ব বিভাগে শিক্ষকের মোট পদ আছে ৩৪টি। বর্তমানে শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন মাত্র ১২ জন শিক্ষক। তাঁদের মধ্যে একজন আবার ১ আগস্ট ছুটিতে যাচ্ছেন।জানা গেছে, বিভাগে সাতজন সহযোগী অধ্যাপক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র তিনজন, সাতজন সহকারী অধ্যাপকের জায়গায় আছেন দুজন। আর ১০টি সহকারী অধ্যাপক/প্রভাষক এবং চারটি প্রভাষক পদের সব কটি বর্তমানে শূন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, শিক্ষক নিয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় বিভাগে নিয়মিত ক্লাস হয় না। প্রায়ই নির্ধারিত সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় না। অবিলম্বে শিক্ষকসংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিভাগে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই নির্বাচনী বোর্ড আহ্বান করে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক।জানা যায়, বিভাগে সর্বশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হয় এক যুগ আগে, ১৯৯৯ সালে। ওই সময় বিভাগে শিক্ষক ছিলেন ২৩ জন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন, দুজন অবসরে গেছেন, চাকরি ছেড়েছেন পাঁচজন এবং লিয়েনে আছেন আরও তিনজন শিক্ষক।প্রশাসন সূত্রে জানা গেছে, গত দুই বছরে বিভাগে শিক্ষক নিয়োগে দুবার উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ গত ২৬ জানুয়ারি ১০ জন নতুন শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে নির্বাচনী বোর্ড না বসায় নতুন শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে না।