১২ বছরে ১২ তদন্ত কর্মকর্তা কূলকিনারা হয়নি মামলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার পর এক যুগ পার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনায় দায়ের হওয়া মামলা দুটির তদন্ত শেষ হয়নি।

গত ১২ বছরে ১১ জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য আর কোনো অগ্রগতি নেই।

সর্বশেষ ২০১০ সালের ১৭ জানুয়ারি ১২তম তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান সিআইডির গোপালগঞ্জ কার্যালয়ের পরিদর্শক শেখ মো. আক্তারুজ্জামান।

এই বোমা হামলার ১৩তম বার্ষিকীতে তদন্তের অগ্রগতি জানতে চাইলে শেখ মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ পর্যায়ে।

আদালতে অভিযোগপত্র দেওয়া সময়ের ব্যাপার মাত্র। তাঁর মতে, হামলার ধরন ও ব্যবহূত বিস্ফোরক এবং বিভিন্ন বোমা হামলায় গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জবানবন্দি পর্যালোচনা করলে এটা পরিষ্কার যে, বানিয়ারচর গির্জায় বোমা হামলাও নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) করেছে।

অবশ্য তদন্ত কর্মকর্তা গত বছরও একই কথা বলেছিলেন। বাস্তবতা হলো, এখন পর্যন্ত মামলাকে বিচারে নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ জোগাড় করতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এর আগের তদন্ত কর্মকর্তারা চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটি শেষ করে দিতে তিন দফায় সিআইডির উচ্চপর্যায়ে প্রস্তাব পাঠিয়েছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা অনুমোদন না করায় সে চেষ্টা সফল হয়নি।

অবশ্য চারদলীয় জোট সরকারের আমলে এ মামলার তদন্তে গাফিলতিও ছিল। এমনকি শুরুর দিকে এ ঘটনাকে স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে প্রচার করে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

২০০১ সালের ৩ জুন সাপ্তাহিক প্রার্থনার সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা বিস্ফোরিত হয়।

এতে ১০ খ্রিষ্টধর্মাবলম্বী নিহত ও অর্ধশত ব্যক্তি আহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মুকসুদপুর থানায় তখন দুটি মামলা হয়।

পরে নানা সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা ১৮ জনকে হত্যা মামলায় এবং ১১ জনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে হুজির নেতা মুফতি আবদুল হান্নান মুন্সি, মুফতি আবদুর রউফ, মাওলানা শেখ ফরিদের মতো শীর্ষস্থানীয় জঙ্গি যেমন আছেন, তেমনি টেকেরহাট বাজারের মনিহারি দোকানি বাসুদেব সাহার মতো সাধারণ মানুষও রয়েছেন। বাসুদেব সাহা জামিনে মুক্তি পেয়ে দেশত্যাগ করেছেন বলে সিআইডির কাছে তথ্য রয়েছে।

লিয়াকত শেখ নামের এ রকম আরেক ব্যক্তি জামিনে মুক্তির পর মারা গেছেন।