১২ বছরেও অন্তর্বিভাগ চালু হয়নি, ভোগান্তিতে চরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার ১২ বছর পরও চালু হয়নি অন্তর্বিভাগ সেবা কার্যক্রম (ওয়ার্ডভিত্তিক)। হাসপাতালে বহির্বিভাগে সেবা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ এলাকাবাসীর। এতে ব্রহ্মপুত্রের চর এলাকার কয়েক লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নে ৩ একর জমির ওপর পরাণগঞ্জ ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নামে দোতলা একটি হাসপাতাল নির্মিত হয়। ভবনের নিচতলায় বহির্বিভাগ এবং দোতলায় নারী ও পুরুষের জন্য পৃথক দুটি ওয়ার্ড রাখা হয়। বর্তমানে বহির্বিভাগ চালু থাকলেও ১২ বছরেও চালু হয়নি ওয়ার্ডভিত্তিক সেবা। বহির্বিভাগে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সেবা দেওয়ার নিয়ম। হাসপাতালে মোট ছয়জন চিকিৎসা কর্মকর্তা রয়েছেন।
গত ২২ মার্চ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, ছয়জন চিকিৎসকের মধ্যে পাঁচজন উপস্থিত আছেন। একজন ছুটিতে আছেন বলে জানান উপস্থিত চিকিৎসকেরা। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন গড়ে ৮০ জন রোগী বহির্বিভাগে সেবা নেন। তবে রোগীর তুলনায় ওষুধ আছে নামমাত্র। বহির্বিভাগ থাকলেও বছরে নিয়মিত কোনো ওষুধ বরাদ্দ নেই। বছরে একবার থোক বরাদ্দ থেকে শুধু জ্বর, সর্দি আর পেটের পীড়ার জন্য অল্প পরিমাণ ওষুধ পাওয়া যায়। চিকিৎসকেরা ওষুধ দিতে না পেরে অনেক সময় শুধু পরামর্শ দিয়ে রোগীকে বিদায় করতে বাধ্য হন।
সেবা নিতে আসা তিনজন বয়স্ক নারী হাসপাতালের বারান্দায় বসে ছিলেন। তাঁদের মধ্যে মায়মনা খাতুন (৭০) বলেন, তাঁর বাড়ি হাদিয়ার চর গ্রামে। দীর্ঘদিন ধরে জ্বর আর কাশির সমস্যায় ভুগছেন। ময়মনসিংহ শহরে গিয়ে চিকিৎসা করানোর মতো টাকা নেই। তাই বাধ্য হয়ে এই হাসপাতালের বহির্বিভাগে এসেছেন। কিন্তু তাঁকে তিনটি প্যারাসিটামল বড়ি দেওয়া হয়েছে। এই ওষুধ পেয়ে তিনি হতাশ হয়ে হাসপাতালের ফটকের সামনের বারান্দায় বসে আছেন।
চর বওলা গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার হেঁটে হাসপাতালে এসেছেন ফাতেমা বেগম (৬৫)। তিনি বলেন, বুক ও পিঠের ব্যথায় ভুগছেন। বহির্বিভাগে এসে চিকিৎসকের কাছে গেলে তাঁকেও প্যারাসিটামল ও অ্যান্টাসিড বড়ি দেওয়া হয়েছে। ফাতেমা বলেন, ‘আমার স্বামী-সন্তান কেউ নেই। শহরে গিয়ে ভালো হাসপাতালে চিকিৎসা করানোর মতো টাকা নেই। তাই অসুখে পড়লে পরাণগঞ্জ হাসপাতালেই আসি। কিন্তু কখনোই ভালো ওষুধ পাই না।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্রহ্মপুত্রের চর এলাকার ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ, রহিমগঞ্জ, বোরোরচর ও তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের কয়েক লাখ মানুষ ওই হাসপাতালের ওপর নির্ভরশীল। ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব ২০ থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত। পরাণগঞ্জ ইউনিয়নের টান হাসাদিয়া গ্রামের আবদুল বারেক বলেন, ‘ময়মনসিংহ শহর আমাদের এলাকা থেকে অনেক দূরে। যানবাহন কম থাকায় যাওয়া-আসা কষ্টসাধ্য। পরাণগঞ্জ হাসপাতালে ওয়ার্ড চালু হলে এলাকাবাসীর উপকার হবে।’
সিভিল সার্জন মো. খলিলুর রহমান বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরাণগঞ্জ হাসপাতালে ওয়ার্ডভিত্তিক সেবা চালুর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখনো কোনো সাড়া পাইনি। হাসপাতালটির ওয়ার্ডভিত্তিক সেবা দ্রুত চালুর জন্য আমাদের আন্তরিক চেষ্টা আছে। ওষুধের বরাদ্দ চাহিদার তুলনায় কম। আমরা এই বরাদ্দ বাড়ানোর চেষ্টা করব।’