১২ বছরেও কেন মামলার নিষ্পত্তি হলো না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে বগুড়ায় ৪৫ হাজার গুলি ও বিস্ফোরক উদ্ধারের চাঞ্চল্যকর মামলাটি গত ১২ বছরেও কেন নিষ্পত্তি হলো না, তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্রসচিব ও আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এতে বলা হয়, এ মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি কৌঁসুলি—কার গাফিলতি আছে, তা বের করতে হবে। একটি জামিন আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্ট আজ এ আদেশ দেন।

২০০৩ সালের ২৭ জুন বগুড়ার একটি ট্রাক থেকে চাইনিজ রাইফেলের ৪৫ হাজার গুলি ও ৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরের দিন বগুড়া সদর থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর সাতজনকে আসামি করে পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। ওই মামলার এক আসামি আশিস দেব বর্মার জামিন চেয়ে আজ আদালতে শুনানি করেন তাঁর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আদালত জামিন আবেদনটি খারিজ করেন। তবে ওই মামলায় আগামী চার মাসের মধ্যে বিচার শেষ করে নিষ্পত্তি করার আদেশ দেন আদালত।

বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ মামলাটির বিচার চলছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।