কর্তৃপক্ষ বাস্তবমুখী পদক্ষেপ না নেওয়ায় পাবনার ঈশ্বরদী বেনারসিপল্লি এখনো পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠালাভ করেনি। সরকারি এই পল্লিতে ১২ বছরেও গড়ে ওঠেনি স্থায়ী কারখানা। বরং বেনারসিপল্লিতে বন্ধ হয়ে গেছে পানির সরবরাহ।
সরেজমিনে দেখা গেছে, বেনারসিপল্লির অভ্যন্তর ভাগ কাঁশবনে ভরা। এরই মধ্যে গড়ে উঠেছে আটটি কারখানা। এগুলোর ছাউনি টিনের ও প্রাচীর ইটের তৈরি। পাশেই পল্লির অভ্যন্তরে একটি মসজিদ ও একটি কার্যালয়।
ওই কার্যালয়ে কর্মরত মাঠ পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, পল্লিতে এখনো স্থায়ী কারখানা গড়ে ওঠেনি। প্লট মালিকেরা ঢাকার প্রধান কার্যালয়ে যোগাযোগ করে টিন দিয়ে আটটি কারখানা তৈরি করেছেন। কিন্তু তাঁদের আর্থিক সংকটের কারণে এগুলো অনেক সময় বন্ধ থাকে। তাঁতিরা নগদ অর্থের অভাবে বাকি কারখানা গড়ে তুলতে পারছেন না। তিনি আরও বলেন, বকেয়া বিলের কারণে এখানে কয়েকবার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কয়েক বছর আগে একই কারণে টেলিফোন-সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এখন এখানে টেলিফোন নেই। পল্লির অভ্যন্তরে পানির সরবরাহ বন্ধ রয়েছে দীর্ঘ দেড় বছর। বিদ্যুৎ-সংযোগ থাকলেও নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন না করায় বর্তমানে সার্বক্ষণিক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
বেনারসিপল্লির স্থানীয় কার্যালয় সূত্র জানায়, ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বেনারসিশিল্পের প্রসার ও তাঁতিদের অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য নব্বইয়ের দশকে বাংলাদেশ তাঁত বোর্ড বেনারসিপল্লি গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়। ২০০০ সালে ২ কোটি ১৫ লাখ টাকায় শহরের ফতেমোহাম্মদপুরে সাড়ে পাঁচ একর জায়গার ওপর কার্যালয়, সীমানাপ্রাচীরসহ পল্লির অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করা হয়। তাঁতিদের সুবিধার জন্য এখানে রাখা হয় বিদ্যুৎ, পানি, নিরাপত্তাবেষ্টনীসহ নানা ব্যবস্থা। ২০০৪ সালের ১২ ডিসেম্বর তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ প্রকল্পটির উদ্বোধন করেন। মোট ৯০টির মধ্যে উদ্বোধনের দিন ৫৯টি ও পরবর্তী সময়ে বাকি প্লট তাঁতিদের মাঝে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও ঈশ্বরদী বেনারসিপল্লিতে স্থায়ী ও প্রকল্পের নকশা অনুযায়ী কারখানা গড়ে ওঠেনি। মূল নকশা ও প্রকল্প নির্দেশনার বাইরে এখানে নয়টি অস্থায়ী কারখানা গড়ে উঠলেও চালু রয়েছে আটটি কারখানা।
তাঁত মালিক শফিক আহমেদ জানান, প্রায় এক লাখ টাকা খরচ করে তিনি পল্লিতে টিনের একটি ঘর করেছেন, টাকা না থাকায় এখন কারখানা নির্মাণ করতে পারছেন না।
এ ব্যাপারে বাংলাদেশ তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক হাফিজ উদ্দিন মুঠোফোনে বলেন, বেনারসিপল্লিতে অনেক প্লট গ্রহীতা কিস্তির টাকা পরিশোধ করেননি। ফলে কারখানা গড়ে উঠছে না। এঁরা প্রান্তিক তাঁতি হওয়ায় তাঁদের প্লটও বাতিল করছে না তাঁত বোর্ড। এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, তাঁত বোর্ডের অর্থায়নে বেনারসিপল্লিতে কারখানা তৈরি করে দেওয়া সম্ভব নয়। তাঁতিদের নিজেদের অর্থেই কারখানা তৈরি করে নিতে হবে।