১২ বছরেও চালু হয়নি জোড়াগেট কাঁচাবাজার
অবকাঠামোগত সুবিধা ও ত্রিমুখী যোগাযোগব্যবস্থা থাকা সত্ত্বেও নগরের জোড়াগেট এলাকায় অবস্থিত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্মিত একমাত্র পাইকারি কাঁচাবাজারটি ১২ বছরেও চালু হয়নি। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের উদাসীনতা ও কিছু ব্যক্তির অর্থনৈতিক সুবিধা গ্রহণসহ নানা কারণে বাজারটি উদ্বোধনের মাত্র দুই বছরের মাথায় বন্ধ হয়ে যায়।সিটি করপোরেশন সূত্র জানায়, ১৯৯৫ সালে কেসিসির ১৪তম সাধারণ সভায় নগরের জোড়াগেটে একটি পাইকারি কাঁচাবাজার করার সিদ্ধান্ত হয়। রেলপথ, সড়কপথ ও নৌপথে যোগাযোগের সুবিধা থাকায় নগরের জোড়াগেটে প্রায় সাত একর জমির ওপর গড়ে তোলা হয় বাজারটি। আড়ত মালিক সূত্র জানায়, ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর বাজারটি উদ্বোধনের করা হয়। যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে বাজারটি জমজমাট হয়ে ওঠে। কিন্তু খুলনা শহরের কিছু মাস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ, সুবিধাবাদী, রাজনীতিকসহ একটি চক্র প্রতিনিয়ত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। চাঁদার দাবিতে ব্যবসায়ীদের ওপর অত্যাচার, নির্যাতন, ছিনতাই ও বোমাবাজির ঘটনাও ঘটে। বাজার কর্তৃপক্ষ বিষয়টি পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনকে জানিয়ে কোনো প্রতিকার পায়নি। এ পরিস্থিতিতে জীবন ও আর্থিক নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা নিজেদের গুটিয়ে নিতে থাকেন। এভাবে একপর্যায়ে বাজারটি বন্ধ হয়ে যায়। সমিতির সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন বলেন, মেয়র আন্তরিক হলে এক ঘণ্টার মধ্যেই ট্রাক টার্মিনালের অবৈধ বাজার ভেঙে বাজারটি চালু করা সম্ভব। জোড়াগেট পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোড়ল লুৎফর রহমান বলেন, ট্রাক টার্মিনালে অবৈধভাবে গড়ে উঠেছে কাঁচাবাজার। ওই বাজারের অবৈধ উপার্জন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় কতিপয় শীর্ষ নেতা ও সন্ত্রাসীর হাতে যাচ্ছে। তাই ওই মহলের প্রভাবে ট্রাক টার্মিনালের বাজারটি উচ্ছেদ হচ্ছে না। আর এ কারণেই জোড়াগেটের বৈধ পাইকারি কাঁচাবাজারটি চালু হচ্ছে না।খুলনা নাগরিক ফোরামের মহাসচিব মীনা আজিজুর রহমান বলেন, ক্ষমতাসীন দলের বর্তমান মেয়রের নির্বাচনী অঙ্গীকার ছিল এই কাঁচাবাজারটি চালু করা। নির্বাচনের কিছু আগে তিনি প্রেসক্লাবে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে বাজারটি চালু করবেন। কেসিসির চতুর্থ সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে এটি চালু হচ্ছে না।মেয়র তালুকদার আবদুল খালেক তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্বীকার করে বলেন, ‘আমি বাজারের ব্যবসায়ীদের বাজার চালু করার কথা বলেছি। এটি চালু করা হলে কেসিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’ ট্রাক টার্মিনালের অবৈধ বাজারটি উচ্ছেদ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজারটি উচ্ছেদ করার আগে জোড়াগেট কাঁচাবাজারটি চালু না হলে নগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টি হবে এবং তখন সবাই আমাকেই দায়ী করবে। তবে এক মাস পরে এ ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হবে।’