দেশ স্বাধীন করতে একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করেন ব্রজেন্দ্র চন্দ (৬৫)। জমিজমা নেই তাঁর। বাইসাইকেলে ফেরি করে ফল-সবজি বিক্রি করেন। ১২ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্রের হাতে এক খণ্ড খাসজমির দলিল তুলে দেন। সেই জমিটি অবৈধভাবে দখল করে আছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।জমির দখল পেতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত আবেদন করেন মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র চন্দ। কিন্তু কাজ হয়নি। শেষমেশ ভূমিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি। ব্রজেন্দ্র চন্দের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের হরিপুর গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে জুড়ী উপজেলা সদরের জঙ্গিরাই এলাকায় অন্যের একটি বাড়িতে আশ্রয়ে থাকেন।ব্রজেন্দ্র জানান, ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা উপজেলা সদরে অবস্থিত পি সি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। সভা শেষে প্রধানমন্ত্রী বড়লেখা ও জুড়ী উপজেলার কয়েকজন ভূমিহীন মুক্তিযোদ্ধার হাতে বন্দোবস্ত হিসেবে ৪০ শতক করে খাসজমির দলিল তুলে দেন। ব্রজেন্দ্রের জমি পড়েছে নিউ সমনভাগ মৌজায়। এটির জেএল নম্বর ১১৮, খতিয়ান নম্বর ৮১ এবং দাগ নম্বর ২৬১৫ (৩৬ শতক) ও ২৪৫০/২ (চার শতক)। ব্রজেন্দ্র চন্দের ভাষ্যমতে, দক্ষিণভাগের কাসেমনগর গ্রামের তোয়াকুল মিয়া নামের এক প্রভাবশালী লোক ওই জমি অবৈধভাবে দখল করে চাষাবাদ করছেন। জমির দখল পেতে গত ১২ বছরে বিভিন্ন সময়ে তিনি স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন। ২২ ডিসেম্বর বড়লেখায় ভূমিমন্ত্রী রেজাউল করিমের হাতে লিখিত আবেদন দেন ব্রজেন্দ্র চন্দ। তিনি জানান, তাঁর বড় ছেলে স্নাতক উত্তীর্ণ হয়েছেন। অন্যরাও লেখাপড়া করছে। সন্তানদের লেখাপড়া করানোর আগ্রহ দেখে জাঙ্গিরাইয়ের এক মধ্যপ্রাচ্য প্রবাসী তাঁদেরকে বাড়িতে আশ্রয় দিয়েছেন। ব্রজেন্দ্র চন্দ বলেন, ‘সরকার দুই হাজার টাকা সম্মানী দেয়। এইটা দিয়া তো চলে না। কষ্ট করি পরিবার চালাইয়ার (চালাচ্ছি)। আর কয় দিন বাঁচমু (বাঁচব) জানি না। জমিটা পাইলে খেত করি ফসল বেচিয়া (বিক্রি) কিছুটা অভাব দূর করতে পারতাম।’বড়লেখার ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘জমির সমস্যা নিয়ে মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র চন্দ আমার কার্যালয়ে এসেছিলেন। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার সঙ্গে তাঁকে যোগাযোগ করতে বলি। কিন্তু পরে আর তিনি (ব্রজেন্দ্র) যোগাযোগ করেননি। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তোয়াকুলের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।